
জাহিদুল হক মিন্টু, নওগাঁ প্রতিনিধি:
ইসলামী ব্যাংকের উপর সরকার ও বাংলাদেশ ব্যাংকের নগ্ন হস্তক্ষেপ এবং ইসলামী ব্যাংকিং ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১০টায় শহরের পুরাতন বাসস্ট্যান্ড কাঁচাবাজার এলাকায় ইসলামী ব্যাংকের সামনের সড়কে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের উদ্যোগে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
এসময় ইসলামী ব্যাংকের গ্রাহক সাবেক অধ্যক্ষ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন- শাহারিয়ার পারভেজ, অ্যাডভোকেট আনোয়ার হোসেন ও অ্যাডভোকেট এনামুল হক সহ অন্যরা। এসময় ব্যাংকের শতাধিক গ্রাহক উপস্থিত ছিলেন।
গ্রাহকরা অভিযোগ করে বলেন- দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি ব্যাংকিং খাত। যা আজ চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। অনেক ব্যাংক তারল্য সংকট ও খেলাপি ঋণের চাপে বিপর্যস্ত অবস্থায় রয়েছে। সরকারের অযাচিত হস্তক্ষেপ দেশের আর্থিক খাতে আস্থাহীনতা সৃষ্টি হয়েছে। লুটেরাদের বিচার না হলে আবারো ব্যাংকিং সেক্টরে লুটেরা গোষ্ঠী থাবা দেবে। ব্যাংক ধ্বংস করার অর্থ হচ্ছে দেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দেয়া। এই জন্য ইসলামী ব্যাংকগুলোর ওপর অবৈধ হস্তক্ষেপের চক্রান্ত বন্ধ করতে হবে এবং ব্যাংক দখলের জন্য যেই রেজুলেশন তৈরি করা হয়েছে সেটি বাতিল করে ব্যাংক রক্ষার রেজুলেশন করতে হবে। ইসলামী ব্যাংকের উপর সরকার ও বাংলাদেশ ব্যাংকের নগ্ন হস্তক্ষেপ বন্ধ করার দাবী জানানো হয়।

আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে চুরি হওয়া ইজিবাইক উদ্ধার, চোরাই মাল কেনাবেচা চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বাসাইল পৌরসভার ২৫ কোটি ৭৭ লাখ টাকার বাজেট ঘোষণা
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন