
মোঃ লিখন ইসলাম (নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর ডিমলায় কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া ও সামাজিক নিরাপত্তা—এই পাঁচটি খাতে একযোগে সরকারি জনকল্যাণমূলক সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেছেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রতিবন্ধী, অসচ্ছল নারী, মৎস্যচাষি, কমিউনিটি ক্লিনিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে সরকারি সহায়তা সামগ্রী বিতরণ করা হয়।
সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ১০ জন শারীরিক প্রতিবন্ধীর মাঝে ১০টি হুইলচেয়ার, ৫ জন অসচ্ছল নারীর মাঝে ৫টি সেলাই মেশিন এবং ৪ জনকে দুই হাজার টাকা করে মোট ৮ হাজার টাকার অনুদানের চেক প্রদান করা হয়।
উপজেলা মৎস্য বিভাগের পক্ষ থেকে চারজন মৎস্যচাষীকে পাঁচ বস্তা করে (প্রতি বস্তা ২৫ কেজি) মাছের খাদ্য, এক মন করে বিভিন্ন প্রজাতির মাছের পোনা, সবজির বীজ ও পেঁপে গাছের চারা বিতরণ করা হয়।
এছাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার ৩০টি কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা উপকরণ, মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ৭০টি সিলিং ফ্যান এবং ২১৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরানুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না, উপজেলা প্রকৌশলী মো. মফিজুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মামুনুর রশিদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ওয়াসিম ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বীরেন্দ্রনাথ রায়, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান, জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, জেলা বিএনপির সদস্য গোলাম রব্বানী প্রধান, ডিমলা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ময়েন কবীর, কালবেলা পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. জামান মৃধ, সিনিয়র সাংবাদিক মো. আনোয়ার হোসেন, দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার নীলফামারী জেলা প্রতিনিধি মোঃ লিখন ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার বলেন, “সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির পাশাপাশি মানবিক সহায়তা কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে, যাতে পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নত হয়।”
অনুষ্ঠানে উপস্থিত সংশ্লিষ্টরা বলেন, একদিনে বিভিন্ন খাতে সরকারি সহায়তা বিতরণ একটি ইতিবাচক উদ্যোগ। তবে এসব কার্যক্রমের প্রকৃত সুফল নিশ্চিত করতে প্রকৃত উপকারভোগী নির্বাচন, বিতরণকৃত সামগ্রীর কার্যকর ব্যবহার এবং প্রশাসনের নিয়মিত তদারকি নিশ্চিত করা জরুরি। তাদের মতে, সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে স্বচ্ছতা ও জবাবদিহি বজায় থাকলে এ ধরনের উদ্যোগ আরও টেকসই ও ফলপ্রসূ হবে।

আরও পড়ুন
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার