
মোঃ জাহাঙ্গীর আলম, মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় ঈদ-উল-আজহা উপলক্ষে অসহায় মানুষের মাঝে বিতরণের জন্য সরকারিভাবে বরাদ্দকৃত ভিজিএফের ২.৫ টন চাল উদ্ধার করেছে প্রশাসন। এ ঘটনায় ধামশ্বর ইউনিয়ন পরিষদের দুই সদস্যকে গ্রেপ্তার করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে পুলিশ।
শনিবার (২৪ মে) দৌলতপুর থানায় দায়ের করা মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৫-২০২৬ অর্থবছরে ঈদ-উল-আজহা উপলক্ষে দৌলতপুর উপজেলার ৮টি ইউনিয়নের ১৪ হাজার ৫৮৬টি কার্ডের বিপরীতে ১৪৫ দশমিক ৮৬০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে ধামশ্বর ইউনিয়নের জন্য ১ হাজার ৭৮৮ কার্ডের বিপরীতে ১৭ দশমিক ৮৮০ মেট্রিক টন চাল বরাদ্দ পায় ইউনিয়ন পরিষদ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের অভিযোগে বলা হয়, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে উপজেলার রাথুরা গ্রামের জাহানারা বেগমের বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে ৫০ বস্তা সরকারি ভিজিএফ চাল মজুদ অবস্থায় পাওয়া যায়। প্রতিটি বস্তায় ৫০ কেজি করে মোট ২ হাজার ৫০০ কেজি বা ২.৫ টন চাল উদ্ধার করা হয়।
বাড়ির মালিক জাহানারা বেগম জানান, ধামশ্বর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সদস্য ও বিএনপির সভাপতি, আয়নাল হক ও ৪ নম্বর ওয়ার্ড সদস্য মানিয়ার মোল্লা ওই চাল তার বাড়িতে রেখে যান। পরে তারা চালগুলো নিয়ে যাবেন বলেও জানান।
এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ধামশ্বর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সদস্য আয়নাল হক (৬৫) ও ৪ নম্বর ওয়ার্ড সদস্য মানিয়ার মোল্লাকে (৬২)। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর ২৫ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
মামলার বাদী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মহসিন-উল-হাসান জানান, সরকারিভাবে বরাদ্দকৃত চাল অসহায় মানুষের মাঝে বিতরণের কথা থাকলেও তা আত্মসাতের উদ্দেশ্যে গোপনে মজুদ করা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ধামশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইদ্রিস আলী বলেন, ইউনিয়নের জন্য বরাদ্দকৃত চাল ওয়ার্ড ভিত্তিক মেম্বারদের ভাগ করে দেয়া হয়েছে। যার যার ওয়ার্ডের বরাদ্দ অনুযায়ী তাদের নিজেদের চাল বিতরন করার কথা ছিল। এরই মধ্যে দুই সদস্য আয়নাল এবং মানিয়ার মোল্লা, এই অনৈতিক কাজের সাথে জড়িত, আমি জানতাম না, প্রশাসন আইনানুগ ব্যবস্থা নিলে, আমি তাদের সাথে একমত আছি।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ, সুনীল কুমার কর্মকার জানান, উদ্ধারকৃত চাল জব্দ করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। মামলাটির তদন্ত করছেন সাব-ইন্সপেক্টর মোঃ নজরুল ইসলাম। এবং গ্রেফতারকৃত দুই ইউপি সদস্যকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২