
রবিউল হাসান লায়ন , জামালপুর
জামালপুরের মেলান্দহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি-১) বিশেষ অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারি দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলার আমবাড়ীয়া এলাকার আজিজ বেপারীর বাড়ির সামনের পাকা সড়ক থেকে তাদের হাতেনাতে আটক করা হয়। উদ্ধারকৃত এই হেরোইনের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ টাকা।
গ্রেপ্তারকৃতরা হলেন— জামালপুরের ইসলামপুর উপজেলার শিংভাঙ্গা গ্রামের মোঃ মজনুর ছেলে মোঃ আনোয়ার হোসেন (২২) এবং তার স্ত্রী মোছাঃ শাপলা আক্তার (২১)।
ডিবি সূত্রে জানা যায়, জামালপুর জেলার পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিনের সার্বিক দিকনির্দেশনা এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১)-এর অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল কাইয়ুমের তত্ত্বাবধানে মাদকবিরোধী এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে ডিবি-১ এর একটি চৌকস দল আমবাড়ীয়া এলাকায় অবস্থান নেয়। এ সময় ডিবির উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে আনোয়ার ও তার স্ত্রী শাপলাকে ঘিরে ফেলে আটক করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ নিয়মে তল্লাশি চালিয়ে আনোয়ারের কাছ থেকে ২০ গ্রাম এবং শাপলার কাছ থেকে ২০ গ্রাম—সর্বমোট ৪০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা পরস্পর স্বামী-স্ত্রী এবং তারা হেরোইন ক্রয়-বিক্রয়ের সঙ্গে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিবি-১ এর অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল কাইয়ুম জানান, উদ্ধারকৃত আলামত জব্দ করে আসামিদের বিরুদ্ধে মেলান্দহ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর ৮(গ) ধারায় নিয়মিত মামলা রুজুর কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
তিনি আরও জানান, জামালপুর জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং মাদক নির্মূলে জেলা পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন