
শাহজাহান সাজু (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, জেলা চেম্বার অফ কমার্সের সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী সিআইপি বাদল রহমানের মৃত্যুর ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (১০ জুলাই) রাতে কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ দাউদ এ তথ্য জানান।
নিহত বাদল রহমানের বড় ছেলে আসিফুর রহমান শাহীল বাদী হয়ে সোমবার (১০ জুলাই) কিশোরগঞ্জ মডেল থানায় এ হত্যা মামলাটি দায়ের করেন।মামলায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, পরস্পর যোগসাজশে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে বাদল রহমানকে শ্বাসরোধ করে বা অন্য কোনোভাবে হত্যা করেন।পরে গুম করার জন্য মরদেহ জেলা শহরের চরশোলাকিয়া ব্যাপারি বাড়ির পুকুরের ফেলে রাখেন।
এদিকে দ্রুত সময়ের মধ্যে আসামিদের সনাক্ত করে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন নিহতের পরিবার।এ বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ দাউদ জানান, থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে, তদন্ত চলছে।উল্লেখ্য: রোববার (৯ জুলাই) সকালে কিশোরগঞ্জ জেলা শহরের চরশোলাকিয়া কানিকাটা এলাকার ব্যাপারি বাড়ির পুকুর থেকে বাদল রহমানের ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার