
আব্দুর রউফ রুবেলঃ গাজীপুরের শ্রীপুরে চাঞ্চল্যকর ৪র্থ শ্রেণীর ছাত্র সোহান(১০) অপহরণ ও হত্যাকান্ডের প্রধান আসামী আজিজুলকে গ্রেপ্তার করেছে র্যাব-১। মঙ্গলবার(০১ সেপ্টেম্বর) সকালে টাঙ্গাইল জেলার সফিপুর থানাধীন কালিদাস বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।দুপুরে র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
নিহত সোহান শ্রীপুর পৌর এলাকার বহেরারচালা গ্রামের আব্বাস আলীর ছেলে। সোহান স্থানীয় আবুল প্রধান কিন্ডারগার্ডেনের ৪র্থ শ্রেণীর ছাত্র ছিলো । আটক আজিজুল শ্রীপুর পৌর বেতজুরি এলাকার সবুর উদ্দিনের ছেলে। গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গত ০৩ আগস্ট সন্ধ্যার দিকে গাজীপুরের শ্রীপুর থানার গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকার মোঃ আব্বাস আলী কিন্ডার গার্ডেনে পড়ুয়া ছেলে সোহান(১০) তার নিজ বাসা হতে নিখোঁজ হয়।
নির্খোঁজের পর তার পরিবার সম্ভাব্য সকল স্থানে খোঁজাখোজি করে না পেয়ে শ্রীপুর মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরী করে। পরবর্তীতে খোঁজাখোজির এক পর্যায়ে গত ৩০ আগস্ট সোহানের পরিবার র্যাব-১, স্পেশালাইজড কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুর এসে নিখোঁজ ছেলেকে অনুসন্ধানের জন্য আইনগত সাহায্য কামনা করে।
এরই প্রেক্ষিতে র্যাবের আভিযানিক দল গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে, অভিযানের এক পর্যায়ে গত ৩১ আগস্ট সকাল সাড়ে দশটার দিকে স্থানীয় লোকজন ও সোহানের পরিবারের উপস্থিতিতে গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার গড়গড়িয়া মাস্টারবাড়ীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে আবর্জনার স্তপ থেকে মানুষের একটি কঙ্কাল পাওয়া যায়। কঙ্কালের পাশে থাকা শার্ট, প্যান্ট ও জুতা দেখে কঙ্কালটি নিখোঁজ সোহানের বলে শনাক্ত করে তার স্বজনেরা।কঙ্কাল পাওয়ার পর নিহতের পরিবার আজিজুলকে ১নং আসামী করে শ্রীপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
তিনি আরো জানান, র্যাব-১ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল জেলার সফিপুর থানাধীন কালিদাস বাজার এলাকায় অভিযান পরিচালনা করে এই চাঞ্চল্যকর অপহরণ এবং হত্যা মামলার প্রধান আসামী মোঃ আজিজুল ইসলামকে গ্রেপ্তার করা হয় এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে শ্রীপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী