
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মদনগঞ্জ-নরসিংদী রেলসড়কের মাঝের চর এলাকায় রেলওয়ের সম্পত্তি দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় এক রাজনৈতিক নেতার বিরুদ্ধে। গত কয়েকদিন ধরে ট্রাকে করে বালু ফেলে এ জমি দখল করা হচ্ছে। কেউ বাধা দিতে এলেই হামলা ও মামলার হুমকি দেয়া হয়। জানা যায়, মদনগঞ্জ-নরসিংদী রেললাইনের দু’পাশে ১২০ ফুট পর্যন্ত রেলওয়ের জমি রয়েছে। কোথাও কোথাও ৪০০ ফুট। তবে স্টেশন এলাকায় দুই হাজার ফুট এলাকাজুড়ে জমি রয়েছে। রেলওয়ে শুধুমাত্র কৃষিভিত্তিক জমি লিজ দেয়। বাণিজ্যিক লিজ অনেক আগেই বন্ধ করে দেয়া হয়েছে। বর্তমানে কৃষি লিজও বন্ধ রয়েছে। কৃষি লিজ নিয়ে শুধুমাত্র কৃষি আবাদ করা যায়। শ্রেণী পরিবর্তন করে কেউ রাস্তা, বিপণিবিতান, পাকা স্থাপনা, মার্কেট নির্মাণ বা দেয়াল দিয়ে দখলে নেয়ার কোনো সুযোগ নেই। এগুলো কেউ করে থাকলে তিনি অবৈধ দখলদার হিসেবে চিহ্নিত হবেন। তবে কোনো শিল্প মালিক জমির শ্রেণী পরিবর্তন করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদন নিতে হবে। এ সড়কে কোনো শিল্প মালিক শ্রেণী পরিবর্তনের কোনো অনুমতি নেননি। ফলে সব শিল্প মালিক অবৈধ দখলদার হয়ে রাস্তা নির্মাণ করেছেন। তাদের বিষয়ে শিগগিরই ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন রেলওয়ে কর্তৃপক্ষ।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কৃষক জানান, রাসেল আহমেদ খোকন জোরপূর্বক তার জমি থেকে মাটি কেটে নিয়ে গেছেন। বাধা দিতে গেলে মারধর ও মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিয়েছেন। এ ছাড়াও রেলওয়ের সম্পত্তিতে বালু ফেলার সময় তার সন্ত্রাসী বাহিনী লাঠি নিয়ে পাহারা দেয়। কেউ বাধা দিতে এলে তাকে মারধর করা হয়। অভিযুক্ত রাসেল আহমেদ খোকন বলেন, আমি নিজস্ব জায়গায় মার্কেট নির্মাণ করছি। তবে মার্কেটের যাওয়ার রাস্তাটি রেলওয়ের জায়গায়। জায়গাটি পতিত থাকায় বালু দিয়ে ভরাট করেছি। বাংলাদেশ রেওলয়ের ঢাকা বিভাগের স্টেট অফিসার নজরুল ইসলাম জানান, মদনগঞ্জ-নরসিংদী রেলসড়কটি পরিত্যক্ত থাকায় দখলদাররা দখল করেছে। তবে কেউ রেলওয়ের সম্পত্তি নিয়ে কেউ আর্থিক লেনদেনের সাথে জড়িত থাকলে চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হবে। অবৈধভাবে মার্কেট নির্মাণের জায়গা শিগগিরই দখল মুক্ত করা হবে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২