
এম আর ওয়াসিম ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের ভৈরবে রেলওয়ে স্টেশনের অদূরে মেধাবী কলেজ শিক্ষার্থী আবু সুফিয়ান ওরফে শাহ আলম (২১) নিহতের ঘটনায় প্রধান আসামীসহ ২ জন আটক করেছে রেলওয়ে থানা পুলিশ। রোববার (১ ফেব্রুয়ারি) মধ্যরাতে উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন- ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের বাঁশগাড়ি গ্রামের মুর্শেদ মিয়ার ছেলে মিরাজ মিয়া (২৫), ভৈরব শহরের পঞ্চবটি এলাকার জয়নাল মিয়ার ছেলে ইব্রাহিম (২৪)।
প্রধান আসামী মিরাজের নামে থানায় ১৪ টি ও ইব্রাহিমের নামে একাধিক মামলা রয়েছে।
এর আগে গতকাল রবিবার (১ ফেব্রুয়ারি) নিহতের বাবা আবু তাহের বাদী হয়ে ভৈরব রেলওয়ে থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে এই মামলাটি দায়ের করেন।
নিহত আবু সুফিয়ান কিশোরগঞ্জ সদর উপজেলার কর্শাকড়িয়াল ইউনিয়নের ভাদেকুরিয়াল গ্রামের অটোচালক আবু তাহেরের একমাত্র ছেলে। সে ঢাকার পল্লবী সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল। এক ভাই ও এক বোনের মধ্যে সুফিয়ান ছিল বড়। তার অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ফুফার মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছিল সুফিয়ান। সন্ধ্যা ৬:৪০ মিনিটে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সে আন্তঃনগর এগারসিন্ধু এক্সপ্রেস ট্রেনে উঠে এবং মুঠোফোনে মাকে বাড়িতে আসার খবর জানায়। রাত ১২টা পার হয়ে গেলেও সে বাড়িতে না পৌঁছানোয় পরিবারের সদস্যরা চিন্তিত হয়ে পড়েন। ওই সময় থেকে তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে রাত আনুমানিক ২টার দিকে ভৈরব রেলওয়ে স্টেশনের নিকটবর্তী নিউটাউন এলাকার সংলগ্ন রেললাইনের পাশ থেকে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পরবর্তীতে পরদিন শুক্রবার (৩০ জানুয়ারি) পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নিহতের হাতের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) সংগ্রহ করে জাতীয় পরিচয়পত্রের তথ্য ভাণ্ডারের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করে। পরে খবর পেয়ে নিহতের স্বজনরা মরদেহটি সুফিয়ানের বলে নিশ্চিত করেন।
এ বিষয়ে ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ আহমেদ জানান, গত ৩১ জানুয়ারি রাতে রেলষ্টেশন এলাকায় ছিনতাইকারীর চক্রের কবলে পড়ে কলেজ শিক্ষার্থী আবু সুফিয়ান নামের এক কিশোর নিহত হয়। এই ঘটনার ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্ত মূল আসামীসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় নিহত সুফিয়ানের ব্যবহৃত মোবাইল ফোনটি আসামিদের দেওয়া তথ্য মধ্যে তাদের কাছ থেকে পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছিনতাইয়ের জন্য তাকে হত্যা করা হয়। এই ঘটনায় জড়িতদের ধরতে আমরা কাজ করছি।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ