
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া-৫ (শেরপুর–ধুনট) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মীর মাহমুদুর রহমান চুন্নু হাতপাখা মার্কায় ভোট চেয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসে তিনি নিজেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমোনাই মনোনীত প্রার্থী হিসেবে পরিচয় দিয়ে বলেন, ইসলাম ও মানবতার কল্যাণে কোরআন-সুন্নাহভিত্তিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনে অংশগ্রহণ করেছে। তিনি দাবি করেন, ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্য ভোটের প্রতীক হিসেবে হাতপাখা নির্ধারণ করা হয়েছে।
মীর মাহমুদুর রহমান চুন্নু বলেন, দেশের ধর্মপ্রাণ মুসলমানরা ইসলামকে অগ্রাধিকার দেবেন বলেই তিনি আশাবাদী। সৎ, যোগ্য ও খোদাভীরু নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি এলাকাবাসীর কাছে হাতপাখা মার্কায় ভোট প্রার্থনা করেন।
তিনি আরও উল্লেখ করেন, পীর সাহেব চরমোনাই ১৯৮৭ সাল থেকে ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ আদর্শের প্রশ্নে কখনোই বিএনপি, আওয়ামী লীগ কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোটে যায়নি বলেও তিনি দাবি করেন।
স্ট্যাটাসে তিনি বলেন, শুধু ক্ষমতার পরিবর্তন নয়, আদর্শিক পরিবর্তনই ইসলামী আন্দোলন বাংলাদেশের মূল লক্ষ্য। নীতির পরিবর্তন না হলে দেশে চুরি, ডাকাতি, খুন, মাদক, সন্ত্রাস, ধর্ষণ, ছিনতাই ও অর্থপাচারের মতো অপরাধ বন্ধ হবে না বলেও মন্তব্য করেন তিনি।
সবশেষে তিনি দেশবাসীর দোয়া কামনা করেন এবং আগামী ১২ ফেব্রুয়ারি সারাদিন হাতপাখা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।

আরও পড়ুন
গোয়ালন্দে বিজ্ঞান ও উদ্ভাবনের উৎসব: তরুণদের সৃজনশীলতায় মুগ্ধ দর্শনার্থীরা।
সরিষাবাড়ীতে সপ্তম শ্রেনীর শিক্ষার্থী ধর্ষনের ঘটনায় ধর্ষক ইব্রাহীমকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪
বুড়িতিস্তা নদীর রিজার্ভার প্রকল্প নিয়ে জনগণের সমস্যা সমাধানে মতবিনিময় সভা