
এম এ কাদির চৌধুরী ফারহান, কমলগঞ্জ:
মৌলভীবাজারের কমলগঞ্জে আধুনিক মালচিং পদ্ধতিতে টমেটো চাষ করে নতুন দিগন্ত উন্মোচন করেছেন তরুণ কৃষক আব্দুল মান্নান। সাড়ে ১২ বিঘা জমিতে আগাম জাতের টমেটো আবাদ করে তিনি এবার প্রায় ৩৫ লাখ টাকা লাভের আশায় আছেন। তার সাফল্যে অনুপ্রাণিত হয়ে স্থানীয় আরও অনেক কৃষক এ পদ্ধতির প্রতি আগ্রহী হয়ে উঠেছেন।
খরচ কম, আয় বেশি: মালচিং পদ্ধতিতে জমি বিশেষ ধরনের পলিথিন দিয়ে ঢেকে দেওয়া হয়। ফলে আগাছা জন্মায় না, পানি ও সার অপচয় হয় না এবং মাটির উর্বরতা বজায় থাকে। এতে খরচ কম হয়, উৎপাদন বাড়ে এবং গাছ দীর্ঘদিন ধরে ফলন দেয়।
কৃষক আব্দুল মান্নান জানান, চলতি মৌসুমে তার খরচ হবে প্রায় ২২ থেকে ২৫ লাখ টাকা। বর্তমানে বাজারে টমেটো বিক্রি হচ্ছে কেজি প্রতি ১০০ থেকে ১২০ টাকায়। সবকিছু অনুকূলে থাকলে তার মোট বিক্রি দাঁড়াতে পারে ৫০ থেকে ৬০ লাখ টাকা। এতে খরচ বাদে প্রায় ৩৫ লাখ টাকা লাভের আশা করছেন তিনি।

সাফল্যের ধারাবাহিকতায় বড় পদক্ষেপ: গত বছর ১০ বিঘা জমিতে টমেটো চাষ করে খরচ বাদে প্রায় ২৫ থেকে ২৬ লাখ টাকা লাভ করেছিলেন মান্নান। সেই অভিজ্ঞতার আলোকে এবার তিনি আরও বড় পরিসরে মালচিং পদ্ধতিতে আবাদ শুরু করেছেন। তার এই সাফল্য দেখে আশেপাশের কৃষকরাও উৎসাহিত হচ্ছেন।
কৃষি দপ্তরের সহায়তা: কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায় বলেন, “মালচিং পদ্ধতিতে টমেটোর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং গ্রীষ্মকালীন মৌসুমেও ফলন ভালো হয়। কৃষকদের নিয়মিত পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তা দেওয়া হচ্ছে।”
উপজেলা কৃষি দপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে কমলগঞ্জে প্রায় ৬০ হেক্টর জমিতে মালচিং পদ্ধতিতে টমেটো আবাদ হচ্ছে। এতে স্থানীয় কৃষকদের অর্থনৈতিক উন্নয়ন যেমন হচ্ছে, তেমনি কৃষি খাতে নতুন সম্ভাবনার দ্বারও উন্মোচন হচ্ছে।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার