
মোহাম্মদ হানিফ
নোয়াখালীর মাইজদী শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নজিরবিহীন হামলার ঘটনা ঘটেছে। অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় একদল বিক্ষুব্ধ গাড়িচালক ও মালিক হামলা চালিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর করে এবং প্রধান সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়। সোমবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নোয়াখালী জিলা স্কুলের সামনে এই ঘটনা ঘটে। পরে পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফাহিম হাসান খানের নেতৃত্বে জেলা শহরের সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু হয়। এই সময় সড়কের পাশে অবৈধভাবে রাখা বেশ কিছু গাড়ি ডাম্পিং করা হলে গাড়ির মালিক ও চালকরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। মুহূর্তেই তারা একত্রিত হয়ে প্রধান সড়ক অবরোধ করে এবং ভ্রাম্যমাণ আদালতের কাজে বাধা দেয়। একপর্যায়ে তাদের হামলায় ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, মাইজদীতে বাস, প্রাইভেট কার ও মাইক্রোচালকদের জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ করে দেওয়া হয়েছে। প্রাইভেটকার ও মাইক্রোচালকদের জন্য নোয়াখালী নতুন বাসস্ট্যান্ডের একটি অংশ নির্দিষ্ট থাকলেও তারা সেখানে গাড়ি না রেখে জিলা স্কুলের সামনের প্রধান সড়কে এলোমেলোভাবে গাড়ি পার্কিং করে। এতে শহরের প্রধান সড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয়, যা নগরবাসীর নিত্যদিনের ভোগান্তির কারণ। এই বিষয়ে বারবার নিষেধ করা হলেও চালকরা তা মানছেন না।
আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপ
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও সেনাবাহিনীর একাধিক টিম। দুপুর ১টার দিকে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এবং সড়ক থেকে অবরোধ তুলে নেওয়া হয়।
নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।এই হামলার ঘটনা প্রশাসনের কঠোর মনোভাবের সামনে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান পরিচালনায় আরও সতর্ক থাকার প্রয়োজনীয়তা তৈরি হয়েছে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক