
এইচ এম রুহুল কাদের, চকরিয়া ॥
চকরিয়া উপজেলার উত্তর হারবাংয়ের কলাতলী (১২নং ব্রীজ) এলাকায় নোহা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর আনুমানিক ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামমুখী একটি কাভার্ডভ্যানের সাথে কক্সবাজারমুখী কালো রঙের নোহা গাড়ির মুখোমুখি সংঘর্ষ হলে দুটি গাড়িই সড়ক থেকে ছিটকে ঝিরি ও বিলে পড়ে যায়। এসময় নোহাটি রাস্তার পূর্ব পাশে এবং কাভার্ডভ্যানটি পশ্চিম পাশে গিয়ে পড়ে।
আহতদের মধ্যে নোহা চালক মো. আরিফ (৪০), চট্টগ্রাম মহানগরের চেরাগী পাহাড় এলাকার বাসিন্দা, এবং যাত্রী মনসুর আলম (৪২), বাঁশখালী উপজেলার বইলছড়ী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে। এছাড়াও আরও তিনজন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
আহত চালক মো. আরিফ জানান, “আমি জাঙ্গালিয়া পার হয়ে সিটি গেইট অতিক্রম করার পরপরই দ্রুতগতির কাভার্ডভ্যানটি রং সাইডে উঠে এসে আমার গাড়িতে ধাক্কা মারে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে আমার গাড়িটি ঝিরিতে পড়ে যায়। কাভার্ডভ্যানটিও পশ্চিম পাশে গিয়ে উল্টে পড়ে। তবে এর চালক কোথায় চলে যায় তা আমি দেখতে পাইনি।”
স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। এর মধ্যে চারজনকে লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয় এবং চালক আরিফকে স্থানীয় আজিজনগরের একটি ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
চিরিঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট কর্ণ বলেন, “স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে আসি। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত গাড়ি দুটি উদ্ধারের কাজ চলছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক