
ক্রীড়া ডেস্কঃ আয়োজকদের একজনকে পেয়ে দুই কথা শুনিয়ে দিলেন ধারাভাষ্যকার শামীম আশরাফ চৌধুরী, ‘কই তোমাদের ডিজে? গানটান কিছু বাজাতে বলো। দর্শকরা সময় কাটানোর মতো কিছু পাক। পরের খেলা শুরু হতে তো এখনো দুই ঘণ্টা বাকি!’ ঘড়ির কাঁটায় তখনো রংপুর রাইডার্স বনাম খুলনা টাইগার্স ম্যাচ চলমান থাকার কথা। কিন্তু এলিমিনেটর এই ম্যাচে একপেশে লড়াইয়ে রংপুরকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার নিশ্চিত করেছে খুলনা, মাত্র ২৭.১ ওভারে।
এই ম্যাচের আগে রংপুর দলে যোগ দেন আন্দ্রে রাসেল, টিম ডেভিড, জেমস ভিন্সের মতো তারকা ক্রিকেটাররা। তবু তারা গুটিয়ে যায় মাত্র ৮৫ রানে। মিরপুরের উইকেট যে ব্যাটারদের সহায়ক ছিল না, তা জোর দিয়ে বলার সুযোগ নেই। কারণ একই দলের হয়ে দশে নেমে ১৮ বলে ৩২ রানের ঝোড়ো ইনিংস খেলেন আরেক বিদেশি ক্রিকেটার আকিফ জাভেদ।
তবে লক্ষ্য তাড়ায় নেমেও খারাপ করেনি খুলনা। যদিও শুরুর ওভারে মিরাজের উইকেট হারিয়ে কিছুটা ধাক্কা খেয়েছিল দলটি। এরপর অ্যালেক্স রসের সঙ্গে অবিচ্ছেদ্য জুটিতে দলকে জয়ের বন্দরে নিয়ে যান আরেক ওপেনার নাঈম শেখ। ৩টি চার ও ৪টি ছয়ে ৩৩ বলে ৪৮ রানে অপরাজিত থাকেন তিনি। রস অপরাজিত থাকেন ২৯ রানে। ৫৮ বল হাতে রেখে পাওয়া জয়ে অলিখিত সেমিফাইনালে উঠে গেল খুলনা।
জয়ের পর নাসুম বলেছেন, ‘আমাদের যে অবস্থা ছিল, দুই ম্যাচ আগে থেকেই নক আউট খেলছি। সব দলই চায় ফাইনালে খেলতে। আমাদের প্রথম লক্ষ্য ছিল সেরা চার। আজ প্রথম ম্যাচ জিতেছি, আলহামদুলিল্লাহ। পরের ম্যাচও জেতার চেষ্টা করব। এই বিশ্বাসটা নিয়েই আমরা খেলে যাচ্ছি।’

আরও পড়ুন
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশের ইতিহাস
ফিফা বিশ্বকাপের প্রতিটি মুহূর্ত দেখলেই পাবেন ৬১ লাখ টাকা
পিএসজির চেয়ে ভালো কোনো দল নেই : এনরিকে