
সরিষাবাড়ী : এমপির নামফলক সরিয়ে প্রধানমন্ত্রীর নামফলক স্থাপন করায় জামালপুরের সরিষাবাড়ীতে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনকালে সাবেক প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান এমপির সমর্থকদের হামলায় আহত হয়েছেন প্রকল্পের ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান জনি (৩২)সহ ৪ জন আহত হয়েছে বলে জানা গেছে।
আজ সোমবার (১৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে সরিষাবাড়ী রেলওয়ে ষ্টেশন সংলগ্ন মডেল মসজিদ প্রাঙ্গণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও লাইভে সারাদেশে একযোগে ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করা কালে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান জনি, মসজিদ নির্মাণ প্রকল্পের উপ-ঠিকাদার (সুপারভাইজার) মোঃ রকিব (৩০), ঠিকাদারের কর্মচারী ওসমান গণি বিপুল (২৮) ও সৌরভ (২৫)কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হামলাকারীরা মসজিদের সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক খুলে নিয়ে যায় বলে জানা গেছে।
ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান জনি অভিযোগ করে বলেন, মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র
উদ্বোধনের জন্য সব ধরনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান চলাকালে হঠাৎ এমপি মুরাদ হাসানের প্রতিনিধি সাখাওয়াত আলম মুকুল ও তার লোকজন অতর্কিত হামলা চালায়।
প্রকল্পের লোকজনকে বেধড়ক পিটিয়ে রাস্তা পর্যন্ত নিয়ে যায়। পরে হামলাকারীরা তাদের তিনটি মোবাইল এবং মসজিদের সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক খুলে নিয়ে যায়।
প্রকল্পের ঠিকাদার ও পৌর আওয়ামী লীগের সহসভাপতি মঞ্জুরুল মোর্শেদ তরফদার সোহেল অভিযোগ করে বলেন, মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় মুরাদ হাসান এমপির নামফলক ছিলো, উদ্বোধনের আগে সেটি সরিয়ে রাখা হয়। ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক প্রধানমন্ত্রীর উদ্বোধনী নামফলক স্থাপন করা হয়। এমপির নামফলক না পাওয়ায় ক্ষিপ্ত হয়ে হামলার ঘটনা ঘটানো হয়।
অভিযোগের বিষয়ে ডাঃ মুরাদ হাসান এমপির স্থানীয় প্রতিনিধি সাখাওয়াত আলম মুকুল বলেন, কোনো মারামারি হয়নি, কাউকে মারধর করা হয়নি। বিষয়টি আমি জানি না।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর জানান, মসজিদ উদ্বোধনী অনুষ্ঠানে কিছুটা বিশৃঙ্খলা হয়েছিলো, এসময়
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে কারো হাসপাতালে ভর্তি সংক্রান্ত বিষয় জানি না, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার