
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জে প্রতিপক্ষের রেকর্ডীয় জমি ‘জোরপূর্বক’ দখল করে পাকা-ঘর নির্মাণের অভিযোগ উঠেছে।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, মৌজা ঘটকের আন্দুয়া, জে এল নং -৩৭, এসএ খতিয়ান নং-১৬ দাগ নং- ২০১২ জমি ১-১২ একর। তন্মধ্যে বিরোধীয় ১৮.৬৭ শতাংশ জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছে।
জমির দাবিদার মো. মোস্তফা কামাল মাঝি মির্জাগঞ্জ উপজেলা বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা (৪৮/২০২৩) দায়ের করেন। এতে গত ৩১ মে বিজ্ঞ আদালত মির্জাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য নির্দেশ দেয় এবং ওই ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে সরেজমিনে তদন্ত করে আগামী ১৪ জুন প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়।
বাদী মোস্তফা কামাল মাঝি ঘটকের আন্দুয়া গ্রামের মৃত নুর মোহাম্মদ মাঝির ছেলে। বিবাদীরা হলেন- একই গ্রামের আনোয়ার মাঝি ( ৬৫), আরিয়ান শুভ ( ২৬), শিখা বেগম ( ৩০), মোসা. আঁচল বেগম ( ৩৫) মোসা. মনোয়ারা বেগম (৫৫)।
জমির মালিক দাবিদার মোস্তফা কামাল মাঝি ও খালেক মোল্লা বলেন, ওই জমি আমাদের। আপোষ বন্টনমূলে আমরা দীর্ঘদিন যাবত বাড়ির জমি ভোগ দখলে আছি। বিবাদীরা জোরপূর্বক জমি দখল করে, ইট, বালু, রড, সিমেন্ট দ্বারা পাকা ঘর নির্মাণ করিতেছে। এ বিষয় মির্জাগঞ্জ উপজেলা বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করি। মামলাটি বিজ্ঞ আদালত আমলে নিয়ে তদন্তে দিয়েছে। মামলাটি তদন্তাধীন অবস্থায় বিবাদীরা পাকা-ঘর নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে বিবাদী মো.আনোয়ার মাঝি আদালতের কোনো নিষেধাজ্ঞা নেই বলে দাবি করেন। তিনি বলেন, এই জমি আমাদের। আমরা সেখানে কাজ করছি। তাদের সাথে এই জমি এওয়াজ বদল করা হয়েছে। আমাদের কাছে সালিসি রোয়েদাদও আছে। তাই আমরা ঘর নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছি।
মামলার তদন্তকারী কর্মকর্তা মির্জাগঞ্জ থানার এসআই ইব্রাহীম মুঠোফোনে জানান, বিবাদী আনোয়ার মাঝিকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য নোটিশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ