
আজিজুর রহমান, হাবিপ্রবি প্রতিনিধিঃ পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, পদোন্নতি ও পদোন্নয়নে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক প্রণীত অভিন্ন নীতিমালা প্রত্যাখ্যান করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। একই সঙ্গে, এই নীতিমালা প্রণয়নের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তাঁরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দের সাক্ষরিত এক বিবৃতিতে এ-তথ্য জানা যায়। বিবৃতিতে তাঁরা বলেন, আমরা হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি),
দিনাজপুর-এর শিক্ষকবৃন্দ অত্যন্ত দু:খের সাথে লক্ষ্য করছি যে, বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ ও পদোন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক অভিন্ন নির্দেশিকা প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে উচ্চ শিক্ষাকে হুমকি ও ধ্বংসের মুখে ফেলে দেওয়ার অপচেষ্টা করা হচ্ছে। ইউজিসি বিগত ২৫-০৩-২০২১ ইং তারিখে স্মারক নং ইউজিসি/প্রশা:/১৬৫(১১)/২০১৭/১৬৯৫ মূলে শিক্ষা মন্ত্রনালয় থেকে অনুমোদিত “পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহের শিক্ষক নিয়োগ ও পদোন্নয়নের নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে নূন্যতম যোগ্যতা নির্ধারনের নির্দেশিকা” শীর্ষক একটি নির্দেশনা দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রেরণ করেছে।
বিবৃতিতে শিক্ষকবৃন্দ আরও জানান, এই নির্দেশিকার প্রেক্ষিতে গত ২৬/০৪/২০২১ ইং তারিখে হাবিপ্রবি শিক্ষকবৃন্দ অনলাইন সভায় স্বায়ত্বশাসন, উচ্চশিক্ষা ও গবেষণা পরিপন্থী এই নীতিমালা তীব্র প্রতিবাদসহ প্রত্যাখ্যান করেছে। উল্লেখ্য যে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন এর ৩৬ (১) (ণ) ধারা মোতাবেক “( বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ, পদোন্নতি ও ছাটাই সংক্রান্ত পদ্ধতি নির্ধারণ) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এখতিয়ার। এই ধরনের নীতিমালা হাবিপ্রবি শিক্ষকবৃন্দ পূর্বের ন্যায় কখনোই মেনে নিবে না। হাবিপ্রবি শিক্ষকবৃন্দ মনে করেন, সেই সাথে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো প্রণয়ন, উচ্চ শিক্ষার জন্য বৃত্তি, গবেষণা বরাদ্দ বৃদ্ধি ও পিএইচডিধারী শিক্ষকদের জন্য আর্থিক প্রণোদনা প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইউজিসির প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য