
আজিজুর রহমান, হাবিপ্রবি প্রতিনিধিঃ দেশব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর মন্ত্রী পরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বাড়তি সতর্কতা আরোপ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পঞ্চাশ ভাগ জনবল দিয়ে চলবে অফিস কার্যক্রম সেই সাথে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে, তবে সভা, সেমিনার, প্রশিক্ষণ যথা সম্ভব অনলাইনে আয়োজন করতে বলা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোঃ ফজলুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গর্ভবতী,অসুস্থ,বয়স ৫৫-ঊর্ধ্ব শিক্ষক,কর্মকর্তা,কর্মচারীদের বাড়িতে অবস্থান করে কর্মসম্পাদনের ব্যবস্থা নিতে হবে।অফিস চলাকালীন সময়ে স্বাস্থ্য বিধি নিশ্চিতকরণের জন্য সর্বাবস্থায় মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। প্রত্যেক অফিসের সম্মুখে বারবার সাবান পানি দিয়ে হাত পরিষ্কার করার ব্যবস্থা করতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের কর্মস্থল(দিনাজপুর) ত্যাগ না করার জন্য বলা হয়েছে। কর্তৃপক্ষের অনুমতি ব্যতিত বহিরাগত কোন ব্যক্তি ক্যাম্পাসে প্রবেশ ও অবস্থান না করার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, গত বছরের জুনে করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে সীমিত পরিসরে দাপ্তরিক কার্যক্রম ও আগস্টে আনুষ্ঠানিক ভাবে অনলাইন কার্যক্রম শুরু করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।তবে স্নাতক শেষ বর্ষের পরীক্ষা ছাড়া সকল প্রকার পরীক্ষা বন্ধ ছিলো। বর্তমান সময়ে পরিস্থিতি আরো খারাপ হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা