
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে তুলা কারখানায় আগুন লাগার ঘটনায় জহুরুল ইসলাম তালুকদার (৬০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি খোকসাবাড়ী ইউনিয়নের গুনেরগাতী গ্রামের মৃত ওসমান আলীর ছেলে। এঘটনায় মোহাম্মদ হোসেন (৬৫) নাম আরেকজন শ্রমিক আহত হয়েছেন। সোমবার (২২ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার খোকসাবাড়ী ইউনিয়নের রাণীগ্রাম আনসার ক্যাম্প সংলগ্ন তুলা কারখানায় এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ মো. শামীমুর রহমান। তিনি বলেন, নিহত ব্যাক্তি আগুন নিভাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে এলাকাবাসী তাকে হাসপাতালে নিয়ে আসলে তিনি মারা যান।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়ারহাউস ইন্সপেক্টর আব্দুল হামিম জানান, সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় আধা ঘন্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ক্ষয়ক্ষতি ও আগুন লাগার কারন তাতক্ষনিক ভাবে জানা জায়নি। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী বলেন, আগুন লাগার ঘটনায় পুলিশ পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।

আরও পড়ুন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা
ঈদগাঁওয়ের চাঞ্চল্যকর সেলিম বাবু হত্যা মামলার তিন আসামির জামিন নামঞ্জুর