
লতিফ রানা: নারায়ণগঞ্জের সদ্য যোগদানকারী জেলা প্রশাসক (ডিসি) মোস্তাইন বিল্লাহ বলেছেন, যখন আমি বীর মুক্তিযোদ্ধার দিকে তাকাই তখন আমি আমার বাবার চেহারা দেখতে পাই। কারণ, আমি একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। বিগত দিনে আমার সকল ভালো কাজে মুক্তিযোদ্ধারা সহায়তা করেছে। নারায়ণগঞ্জেও আমি মুক্তিযোদ্ধাদের নিয়ে থাকতে চাই, তাদের নিয়ে কাজ করতে চাই।
গতকাল মঙ্গলবার বিকেল ৩টায় জেলা প্রশাসকের সভা কক্ষে নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, উপজেলা কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধাদের শুভেচ্ছা ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, আপনারা বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়েছেন, আমাদের লাল সবুজের পতাকা আপনাদের আত্মত্যাগের মাধ্যমে হয়েছে। বেঁচে ফিরে আসতে পারবেন সে কথা চিন্তা করে মুক্তিযোদ্ধারা যুদ্ধে যাননি, তারা মারাও যেতে পারতেন। আর তাই তাদের আমি আজীবন এই সম্মান দিতে চাই।
তিনি বলেন, আমি বরগুনায় মুক্তিযোদ্ধাদের নিয়ে অনেক কাজ করেছি। ’৭১ এর টর্চার সেল খুঁজে বের করেছি। সাধারণ মানুষ যেন জানতে পারে পাকিস্তানি হানাদার বাহিনীরা আমাদের সাথে কি করেছে। মুক্তিযোদ্ধাদের যে কোন সমস্যায় আমি আছি এবং থাকবো। আমি থাকতে মুক্তিযোদ্ধাদের কোন সন্তান বা নাতি’র টাকা পয়সার অভাবে পড়ালেখা বন্ধ হবে না। আমি আপনাদের সাথে থাকতে চাই।
নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী’র নেতৃত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জেলা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট নূরুল হুদা, নারায়ণগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্দা শাহজাহান ভুইয়া জুলহাস, সাবেক পিপি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আসাদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা শহিদুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত প্রমুখ।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল