হোম » প্রধান সংবাদ » বর্তমান সরকারের আমলে কৃষকদের সারের পিছনে দৌড়াতে হয়না 

বর্তমান সরকারের আমলে কৃষকদের সারের পিছনে দৌড়াতে হয়না 

রবিউল হাসান লায়ন,জামালপুর:  জামালপুর সদর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন বলেছেন, বর্তমান সরকারের আমলে কৃষকদের সারের পিছনে দৌড়াতে হয়না, সার কৃষকের হাতে পৌঁছে যায়। কৃষকের অধিকার রক্ষা করাই বর্তমান সরকারের এখন মূল লক্ষ্য। কৃষি ও কৃষককে ত্যাগ করে শিল্পায়ন নয়। কৃষকের পাশে দাঁড়াতে সবার মাঠে যাওয়া উচিত। মোজাফ্ফর হোসেন এমপি বলেন, আমরা উন্নত হব, শিল্পায়নে যাব।
কিন্তু কৃষক ও কৃষিকে ত্যাগ করে নয়। কারণ কৃষি আমাদের বাঁচিয়ে রাখে, খাদ্য দেয়। রবিবার সকালে জামালপুর সদর উপজেলা আলহাজ ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন অডিটরিয়ামে জামালপুর সদর উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 জামালপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে। জামালপুর পৌরসভাসহ সদর উপজেলার ১৫টি ইউনিয়নে ১৮৯২০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে এ বীজ ও সার বিতরণ করা হয়েছে।  অনুষ্ঠানের প্রধান অতিথি জামালপুর সদর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন প্রান্তিক কৃষকদের মাঝে এ বীজ ও সার তুলে দেন।
২০২০-২১ অর্থবছরে রবি মৌসুমে বন্যার ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি পুনর্বাসন ও প্রণোদনার কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক জামালপুর সদর উপজেলার ১৫টি ইউনিয়নের ১৮৯২০ জন কৃষকের মাঝে গম ২০ কেজি, সূর্যমুখী এক কেজি, চিনা বাদাম দশ কেজি, সরিষা এক কেজি, মসুর পাঁচ কেজি, খেসারী আট কেজি, টমেটো পাঁচ গ্রাম ও মরিচ ৩০ গ্রাম বিতরণ করা হয়।
 অনুষ্ঠানে এসব বীজের সাথে প্রত্যেক কৃষকের মাঝে ডিএপি সার, ডিএটি ও এমওপি সার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান বেলাল, সদর উপজেলা কৃষি কর্মকর্তা শাখাওয়াত ইকরাম, জেলা কৃষকলীগের সভাপতি মোখলেছুর রহমান জিন্না ও সদর উপজেলা যুবলীগের যুগ্মসাধারণ সম্পাদক হাসানুজ্জামান জিল্লু প্রমুখ বক্তব্য রাখেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!