হোম » প্রধান সংবাদ » বগুড়া নন্দীগ্রামে দুর্বৃত্তদের হামলায় ছাত্র ও তাঁতী লীগের ৫ নেতাকর্মী আহত

বগুড়া নন্দীগ্রামে দুর্বৃত্তদের হামলায় ছাত্র ও তাঁতী লীগের ৫ নেতাকর্মী আহত

এম.এ রাশেদ (বগুড়া) জেলা প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে দুর্বৃত্তদের হামলায় ছাত্রলীগ ও তাঁতী লীগের ৫ নেতাকর্মী আহত হয়েছেন। এ ঘটনায় দোষী ব্যক্তিদের গ্রেফতারের দাবি জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগ। শুক্রবার রাতে নন্দীগ্রাম উপজেলার কাথম বেরাগাড়ী এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
হামলায় আহতরা হলেন নন্দীগ্রাম পৌর ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান (২৬), উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক তারেক মাহমুদ ডিউ (২৮), ছাত্রলীগ নেতা আবু তৌহিদ রাজিব (২৪), সোহানুর রহমান (১৮), আল জাহিদ (২৩)। তাদেরকে বগুড়া জিয়াউর রহমান কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ছাত্রলীগ নেতা সোহানুর রহমানের অবস্থা আশঙ্কাজনক।
জানা গেছে, ২১ আগস্ট গ্রেনেড হামলার কর্মসূচি শেষে ছাত্রলীগ নেতা মশিউর রহমান ও আল-জাহিদ মোটর সাইকেল যোগে তানভীর আহম্মেদ তমালকে বাড়ি পৌঁছে দিতে যায়। পথিমধ্যে কাথম বেরাগাড়ী এলাকায় পৌঁছালে পথরোধ করে কয়েকজন দুর্বৃত্ত তাদের কোপানো ও মারধর শুরু করে। সংবাদ পেয়ে তাঁতী লীগের সাধারণ সম্পাদক তারেক মাহমুদ ডিউ, ছাত্রলীগ নেতা আবু তৌহিদ রাজিব, সোহানুর রহমান তাদের উদ্ধার করতে গেলে তাদেরকেও কুপিয়ে জখম করা হয়।
এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে। নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং জড়িত ব্যক্তিদের গ্রেফতার করার দাবি জানান। নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস। বগুড়ার নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত কবীর বলেন, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করতে পুলিশ মাঠে রয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!