হোম » সারাদেশ » টেকনাফের নাফনদীতে নৌকার জালের ভেতর মিললো আইস ও ইয়াবা, মিয়ানমারের দুই যুবক গ্রেফতার

টেকনাফের নাফনদীতে নৌকার জালের ভেতর মিললো আইস ও ইয়াবা, মিয়ানমারের দুই যুবক গ্রেফতার

মোহাম্মদ খোরশেদ হেলালী,কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের নাফনদী থেকে ৭ কেজি ৩৮২ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ২ লাখ ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মিয়ানমারের দুই যুবককে গ্রেপ্তার করেছে বিজিবির সদস্যরা। বুধবার (১০ মে) রাত ১০ টার দিকে টেকনাফের নাফনদী সংলগ্ন কেওড়া বাগান এলাকায় পৃথক অভিযানে এসব মাদক জব্দ করা হয় বলে নিশ্চিত করেছেন ২ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মো.মহিউদ্দিন আহমেদ।
গ্রেপ্তাররা হলেন-মিয়ানমার মংডু গ্রামপুরের মৃত আব্দুস সালামের ছেলে মো. রবি মোল্লা(২৩) ও একই গ্রামের আবুল কালামের ছেলে মো. আয়াছ(২৫)। টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল  মো. মহিউদ্দিন আহমেদ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর আসে মিয়ানমার হতে বাংলাদেশে মাদকের চালান ডুকতে পারে। এমন তথ্যে মতে বুধবার রাত ১০টার দিকে ব্যাটালিয়ন সদর থেকে দুইটি বিশেষ টহলদল এবং দমদমিয়া বিওপি হতে একটি টহলদল টেকনাফ দমদমিয়া সংলগ্ন নাফনদী এলাকায় অভিযান চালিয়ে একটি কাঠের নৌকাসহ দুইজন মিয়ানমারের নাগরিককে গ্রেপ্তার করা হয়।
এসময় কাঠের নৌকা তল্লাশি করে জালের ভেতরে অভিনব পদ্ধতিতে লুকায়িত অবস্থায় পলিব্যাগে মোড়ানো দুইটি পোটলা থেকে ৭কেজি ৩৮২ গ্রাম ক্রিস্টাল মেথ আইস,৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ কেজি সুতার জাল জব্দ করা হয়।
অপরদিকে বুধবার রাত সাড়ে ১০ টার দিকে সাবরাং ও নাজিরপাড়া বিওপির বিজিবির টহলদল নাফনদী সংলগ্ন কেওড়া বাগান এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে মালিকবিহীন ২লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
অধিনায়ক আরো জানান, গ্রেপ্তারকৃত মিয়ানমারের নাগরিকের বিরুদ্ধে ক্রিস্টাল মেথ আইস-ইয়াবা ট্যাবলেট বহন ও পাচারের দায়ে জাল এবং কাঠের নৌকাসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।এছাড়াও মালিকবিহীন ইয়াবা ট্যাবলেট গুলো ব্যাটালিয়ন সদরের ষ্টোরে জমা রাখা হয় বলে তিনি জানায়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!