হোম » সারাদেশ » আলফাডাঙ্গায় আ’লীগের মনোনয়ন প্রত্যাশী মেয়র পদপ্রার্থী ঝন্টু’র মতবিনিময়

আলফাডাঙ্গায় আ’লীগের মনোনয়ন প্রত্যাশী মেয়র পদপ্রার্থী ঝন্টু’র মতবিনিময়

আলফাডাঙ্গা প্রতিনিধিঃ আসন্ন ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও বর্তমান পৌর কাউন্সিলর আলী আকসাদ ঝন্টু নিজ গ্রামবাসীর সাথে মতবিনিময় সভা করেছেন।  শুক্রবার (১৪ অক্টোবর) রাতে পৌরসভার মিঠাপুর কলেজপাড়া এলাকার নিজ বাড়ির আঙ্গিনায় এ মতবিনিময় সভা করেন তিনি।
সভায় আলী আকসাদ ঝন্টু বলেন, এলাকার সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা ও অনুপ্রেরণা আমি আমার প্রয়াত রাজনীতিবিদ ও সমাজসেবক চাচা হাজী ময়েন উদ্দিন আহমেদের নিকট থেকেই পেয়েছি। আর আমার চাচাও চেয়েছিলেন, আমি যেন সারাজীবন মানুষের সেবায় আত্মনিয়োগ করি। চাচার সেই স্বপ্ন বাস্তবে রূপ দিতেই আগামী পৌর নির্বাচনে মেয়র পদে অংশগ্রহণের প্রস্তুতি নিয়েছি।
তিনি আরও বলেন, নির্বাচনের সময় উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ও টাকার বিনিময়ে ভোটারদের মূল্যবান আমানত যাতে কেউ নষ্ট করতে না পারে, আমি সেই পরিবেশ তৈরি করতে চাই। আর মেয়র হয়ে দুর্নীতি ও মাদক মুক্ত, স্বচ্ছ, পরিচ্ছন্ন নগর গঠন, সুপেয় পানি ও পানি নিষ্কাশন, ন্যায় ও আদর্শ স্থানীয় বিচার ব্যবস্থা, স্বাস্থ্য, শিক্ষা, টেকসই যোগাযোগ ব্যবস্থা, পরিচ্ছন্নতা, নিরাপত্তা, লাইটিং, জবাবদিহিতামূলক উন্নতমানের পরিবেশবান্ধব নাগরিক সেবা প্রদানের মাধ্যমে গর্ব করার মত একটি পৌরসভা উপহার দিতে চাই।
সভায় স্থানীয় মুরব্বি হাজী বাদশা খালাসীর সভাপতিত্বে ও তরুণ সমাজসেবক মো. ইব্রাহীম হোসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, বিশিষ্ট ব্যবসায়ী আজগর হোসেন মন্টু, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটির সদস্য রানা হামিদ ও ছাত্রলীগ নেতা মামুন শেখ প্রমুখ।
বক্তব্য শেষে একযোগে হাত উঠিয়ে উপস্থিত জনসাধারণ আসন্ন আলফাডাঙ্গা পৌরসভা নির্বাচনে আলী আকসাদ ঝন্টুকে সমর্থন জানায়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!