
রবিউল হাসান লায়ন , জামালপুর
জামালপুরের মেলান্দহে পুকুর থেকে শাওন নামে ৯ মাস বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে শিশুটির মা শ্রাবন্তী বেগমকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। স্বজনদের অভিযোগ, পরকীয়া প্রেমের জেরে নিজের সন্তানকে হত্যা করেছেন ওই নারী। তবে পুলিশ বলছে, তদন্তের আগে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিত বলা সম্ভব নয়।
রোববার (২৮ জুন) সকালে উপজেলার ভাবকী গোয়ালবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাওন ওই এলাকার হুমায়ুন আহমেদের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে হুমায়ুন আহমেদের সঙ্গে শ্রাবন্তী বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে কলহ চলছিল। রোববার ভোর ৫টার দিকে ৯ মাসের ছেলে শাওনকে নিয়ে বাড়ি থেকে বের হন শ্রাবন্তী। পরে মা-ছেলের খোঁজ না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরপাড়ে শ্রাবন্তীর স্যান্ডেল দেখতে পেয়ে স্থানীয়রা পুকুরে তল্লাশি চালিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করেন। ঘটনার পর এলাকা থেকে পালানোর সময় দূরবর্তী এক স্থান থেকে শ্রাবন্তীকে আটক করে পুলিশে দেয় জনতা।
নিহতের স্বজন আনোয়ারা বেগম ও ফুপু সুমাইয়া অভিযোগ করে বলেন, বিয়ের আগে থেকেই শ্রাবন্তীর অন্য একটি ছেলের সঙ্গে সম্পর্ক ছিল। সে এই সংসার করতে চাইত না। পূর্বের সম্পর্কের বাধা দূর করতেই নিজের সন্তানকে পুকুরের পানিতে ফেলে হত্যা করেছে সে। তারা এই নৃশংস ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুর মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। ঘটনার পর মা শ্রাবন্তী বেগমকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন
শিবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতী সিরাপের একটি চালান জব্দ
দৌলতপুরে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
হামলার পর পলাতক, শেষ রক্ষা হলো না: এসিল্যান্ডের ওপর হামলা মামলার মূল আসামি র্যাবের জালে