হোম » সারাদেশ » মাদক কারবারিদের দুঃসাহসিক হামলা: প্রশাসনের হাত থেকে হাতকড়াসহ আসামি ছিনিয়ে নিল সংঘবদ্ধ চক্র

মাদক কারবারিদের দুঃসাহসিক হামলা: প্রশাসনের হাত থেকে হাতকড়াসহ আসামি ছিনিয়ে নিল সংঘবদ্ধ চক্র

ইলিয়াছ শাহেদ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি:
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পুড়াভিটা এলাকায় মাদকবিরোধী অভিযানে নেমে নজিরবিহীন হামলার মুখে পড়েছে প্রশাসন। সংঘবদ্ধ মাদক কারবারিরা হামলা চালিয়ে হাতকড়াপরা এক আসামিকে প্রশাসনের হেফাজত থেকে ছিনিয়ে নিয়ে গেছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কয়েকজন সদস্য আহত হয়েছেন।
শনিবার (২০ জুন) বিকেলে দৌলতদিয়ার পুড়াভিটা এলাকায় মাদক নির্মূলে বিশেষ অভিযান পরিচালনা করেন গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসীর হাসান খান। তার নেতৃত্বে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল প্রায় এক ঘণ্টাব্যাপী এ অভিযান চালায়।
অভিযানকালে এশিয়া বোর্ডিং এলাকা থেকে আশীষ চন্দ্র শীল (২৬) নামে এক ব্যক্তিকে গাঁজাসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
একই সময়ে পুড়াভিটা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বেবীর ছেলে ফয়সাল (২৪)-কে মাদকদ্রব্য ও নগদ টাকাসহ আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। তাকে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার প্রস্তুতির মধ্যেই সংঘবদ্ধ মাদক কারবারিরা প্রশাসনের ওপর অতর্কিত হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা প্রশাসনের সদস্যদের ঘিরে ফেলে ব্যাপক হট্টগোল ও ধস্তাধস্তির সৃষ্টি করে। একপর্যায়ে তারা ফয়সালকে হাতকড়াসহ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। হামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কয়েকজন সদস্য আহত হন।
গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসীর হাসান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “অভিযানে দুইজনকে আটক করা হয়েছিল। একজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে। অপর আসামিকে মাদক ও নগদ টাকাসহ আটক করার পর সংঘবদ্ধ মাদক ব্যবসায়ীরা হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায়।”
তিনি আরও জানান, হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে ছিনিয়ে নেওয়া আসামিকে পুনরায় আটক এবং হামলাকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ ঘটনায় দৌলতদিয়া এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মতে, মাদক কারবারিদের এমন দুঃসাহসিক তৎপরতা আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য উদ্বেগজনক বার্তা বহন করছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!