
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি
কোল্ড স্টোরেজ মালিকদের সিন্ডিকেট এবং আলু সংরক্ষণে অতিরিক্ত ভাড়া বৃদ্ধির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বগুড়ার আলু চাষী ও ব্যবসায়ীরা। শনিবার (২০জুন ২০২৬) বগুড়া প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে ৪ দফা দাবি উত্থাপন করে আগামী ২৫ জুনের মধ্যে তা বাস্তবায়নের জন্য সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আলটিমেটাম দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে বগুড়ার আলু চাষী ও ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল হাকিম মান্নান এবং সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম লিখিত বক্তব্যে অভিযোগ করেন, কোল্ড স্টোরেজে প্রতি বস্তা (৬৫ কেজি) আলু সংরক্ষণে প্রকৃত খরচ সর্বোচ্চ ২২০ থেকে ২৩০ টাকা হলেও বর্তমানে কৃষি বিপণন অধিদপ্তর কর্তৃক নির্ধারিত ৪৩৮ টাকা ৭৫ পয়সা ভাড়া কৃষকদের জন্য চরম ক্ষতিকর, অযৌক্তিক এবং বৈষম্যমূলক।
তারা বলেন, হিমাগার মালিকদের একতরফা ভাড়া বৃদ্ধির ফলে কৃষকদের উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে এবং আলু চাষ অলাভজনক হয়ে পড়ছে। এর ফলে অনেক কৃষক ভবিষ্যতে আলু চাষে আগ্রহ হারিয়ে ফেলছেন, যা দেশের খাদ্য নিরাপত্তা ও কৃষি অর্থনীতির জন্য উদ্বেগজনক।
সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে চার দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো – সারা দেশে ৬৫ কেজি আলুর প্রতি বস্তার কোল্ড স্টোরেজ ভাড়া সর্বোচ্চ ৩০০ টাকার মধ্যে নির্ধারণ করা, কোল্ড স্টোরেজ পরিচালনার প্রকৃত ব্যয় নিরূপণে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায্য ও যৌক্তিক ভাড়া কাঠামো প্রণয়ন, কোল্ড স্টোরেজ মালিকদের সিন্ডিকেট ও স্বেচ্ছাচারী ভাড়া বৃদ্ধি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং কৃষি বিপণন অধিদপ্তর কর্তৃক নির্ধারিত বর্তমান ভাড়া পুনর্বিবেচনা করে আগামী ২৫ জুনের মধ্যে নতুন প্রজ্ঞাপন জারি করা।
নেতৃবৃন্দ বলেন, কৃষকদের ন্যায্য স্বার্থ রক্ষা এবং আলু খাতকে টিকিয়ে রাখতে এসব দাবি দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন। অন্যথায় কৃষক ও ব্যবসায়ীদের অস্তিত্ব সংকট আরও গভীর হবে।
সংবাদ সম্মেলনে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ২৫ জুনের মধ্যে উত্থাপিত দাবিগুলো মেনে নেওয়া না হলে কৃষকদের স্বার্থ রক্ষায় বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। প্রয়োজনে জেলা ও জাতীয় পর্যায়ে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ, স্মারকলিপি প্রদানসহ কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলেও তারা সতর্ক করেন।
এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, আলু চাষী, ব্যবসায়ী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃষকদের দুর্ভোগ বিবেচনায় নিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

আরও পড়ুন
সীমান্তে ২০ ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের প্রচেষ্টা প্রতিহত করে বিজিবি
সিংড়া শালবন ফরেস্টের ভাঙা কালভার্ট সংস্কারের দাবি জোরালো
১৪ বছর পর চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচন: ওমর ফারুক সভাপতি ও স্বপন পাটওয়ারী সাঃ সম্পাদক নির্বাচিত