
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার শাহাজানপুর উপজেলার ফুলদিঘী এলাকায় পরিচালিত মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হয়েছে।
জানা গেছে, রবিবার (১৪ জুন ২০২৬) দুপুর ১টা ৪০ মিনিটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া কার্যালয়ের ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল শাহাজানপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস ঊর্মি-এর নেতৃত্বে উপজেলার ফুলদিঘী এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ফুলদিঘী এলাকার আব্দুল মালেক এর ছেলে বাশদা মিয়া (৪৮), নামের এক মাদক ব্যবসায়ী ১০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। পরবর্তীতে ঘটনাস্থলেই পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জব্দকৃত গাঁজা বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, সমাজ থেকে মাদকের বিস্তার রোধ এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক জমজমাট বিতর্ক প্রতিযোগিতা
ভেড়ামারায় অপহরণ ব্যক্তিকে উদ্ধার, গ্রেপ্তার-১
নাচোলে চলাচলে অযোগ্য রাস্তা নিজ অর্থায়নে মেরামত করছেন গ্রামবাসী