হোম » সারাদেশ » বাসাইলে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে তিন বন্ধু নিহত 

বাসাইলে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে তিন বন্ধু নিহত 

​সহদেব সূত্রধর সায়ন, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: 
টাঙ্গাইলের বাসাইলে সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। ​রোববার (২৪ মে) সকাল পৌনে ১১টার দিকে উপজেলার কাশিল ইউনিয়নের বাংড়া কালীঘরের সামনে এই দুর্ঘটনা ঘটে।
​নিহতরা হলো—বাসাইল উপজেলার কাশিল ইউনিয়নের বাংড়া গ্রামের প্রবাসী মো. রফিক মিয়ার ছেলে তাকবির মিয়া (১৪), একই এলাকার মো. শওকত আলীর ছেলে লিমন (১৪) এবং মো. সোলায়মানের ছেলে মো. সাইমন (১৪)। এদের মধ্যে তাকবির ও লিমন করোটিয়া এইচ এম ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিল।
​পুলিশ ও স্থানীয়রা জানান, টাঙ্গাইলগামী একটি বেপরোয়া গতির সিএনজিচালিত অটোরিকশা বাসাইলের বাংড়া কালীঘরের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহী ছিটকে পড়ে গুরুতর আহত হন। ঘটনাস্থলেই মারা যান তাকবির। বাকি দুজনকে উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক লিমনকে মৃত ঘোষণা করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় সাইমনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে সে-ও মারা যায়।
​বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং নিহত তিনজনের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। লিখিত অভিযোগ পাওয়ার পর এই বিষয়ে আইনি ব্যবস্থা ও মামলা দায়ের করা হবে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!