হোম » সারাদেশ » ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে মদনপুরে উলামা পরিষদের বিক্ষোভ সমাবেশ ও বিশাল মিছিল

ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে মদনপুরে উলামা পরিষদের বিক্ষোভ সমাবেশ ও বিশাল মিছিল

শাহিন, বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
ভারতে মুসলমানদের ওপর উগ্র হিন্দুত্ববাদীদের ধারাবাহিক নির্যাতন ও আগ্রাসনের প্রতিবাদে নারায়ণগঞ্জের বন্দরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এক বিশাল বিক্ষোভ সমাবেশ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ মে ) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে বন্দর থানা উলামা পরিষদ।

জুমার নামাজ শেষ হওয়ার পরপরই নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার মদনপুর ও এর আশপাশের বিভিন্ন মসজিদ থেকে হাজার হাজার তৌহিদী জনতা ও সাধারণ মুসল্লিরা ব্যানার-ফেস্টুন সহ কারে মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হতে থাকেন। অল্প সময়ের মধ্যেই সমাবেশটি বিশাল জনসমুদ্রে পরিণত হয়। এরপর উলামা পরিষদের নেতৃবৃন্দের নেতৃত্বে মহাসড়কে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ প্রদক্ষিণ করে।

সমাবেশে উলামা পরিষদের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম ও বক্তারা বলেন, “ভারতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মুসলমানদের ওপর যে উগ্র হিন্দুত্ববাদী আগ্রাসন ও নির্যাতন চালানো হচ্ছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মুসলিমদের ঘরবাড়ি ভাঙা এবং ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করার মাধ্যমে বৈশ্বিক মানবাধিকার চরমভাবে লঙ্ঘন করা হচ্ছে।” বক্তারা বিশ্ব মুসলিম উম্মাহ ও আন্তর্জাতিক সংস্থাসমূহকে অবিলম্বে এই নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

সমাবেশে ধর্মপ্রাণ সাধারণ মুসল্লিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। তীব্র রোদ ও গরম উপেক্ষা করে হাজারো মানুষ দণ্ডায়মান থেকে এই কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন। এদিকে বিশাল এই মহাসমাবেশ ও মিছিলকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর অংশে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি বা দীর্ঘ যানজটের সৃষ্টি না হয়, সেজন্য স্থানীয় থানা পুলিশ এবং হাইওয়ে পুলিশকে কঠোর ও সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করতে দেখা গেছে।

সমাবেশ শেষে মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি এবং বিশ্বব্যাপী নির্যাতিত মুসলমানদের সুরক্ষা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত হয়।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!