
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান এলাকায় একটি মাদ্রাসা-সংলগ্ন মার্কেটের গলি থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৬ জুলাই ২০২৬) ভোরে স্থানীয় পথচারীদের দেওয়া সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোরের দিকে কয়েকজন পথচারী মার্কেটের ভেতরের একটি গলিতে এক ব্যক্তিকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে শিবগঞ্জ থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।
ঘটনাস্থল পরিদর্শনকারী স্থানীয়দের ধারণা, নিহত ব্যক্তিকে অন্য কোথাও হত্যার পর মরদেহটি ওই গলিতে এনে ফেলে রাখা হয়ে থাকতে পারে। তাদের দাবি, ঘটনাস্থলের মাটিতে টেনে-হিঁচড়ে নেওয়ার মতো কিছু দাগও দেখা গেছে। তবে বিষয়টি তদন্তের আগে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।
ঘটনার রহস্য উদঘাটন এবং নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে অবহিত করা হয়েছে। পিবিআইর একটি দল ঘটনাস্থলে পৌঁছে বিভিন্ন আলামত সংগ্রহের পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে।
এদিকে, উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় শনাক্তে জনসাধারণের সহযোগিতা কামনা করেছে পুলিশ। এ বিষয়ে কোনো তথ্য জানা থাকলে দ্রুত শিবগঞ্জ থানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ: শিবগঞ্জ থানা – ০১৩২০১২৬৬২৭, পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত ও ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

আরও পড়ুন
প্রতিটি পরিবারকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীর
ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৫৯০ পিস ইয়াবাসহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
অপবাদ দিয়ে জমি দখলের চেষ্টা? সোনারগাঁয়ে বিএনপি নেতার অভিযোগ