হোম » সারাদেশ » জামালপুরে ডিবির অভিযানে ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

জামালপুরে ডিবির অভিযানে ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

রবিউল হাসান লায়ন, জামালপুর
জামালপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) এর বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।
রোববার (১৮ মে) জেলার সদর উপজেলার ১৪নং দিগপাইত ইউনিয়নের ৫নং ওয়ার্ডের গোপীনাথপুর মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় জনৈক মোঃ মিন্টু (৩৫) এর বসতবাড়ির রান্নাঘরের ভিতর থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- গোপীনাথপুর এলাকার মোঃ মিন্টু (৩৫), পিতা- মোঃ হাশেম আলী এবং ছোনটিয়া বাজার সংলগ্ন মামুন স্মৃতি স্কুলের উত্তর পাশ এলাকার মোঃ ইউসুফ আলী (২৪), পিতা- মোঃ শাহজাহান আলী। উভয়েই জামালপুর সদর উপজেলার বাসিন্দা।

ডিবি সূত্রে জানা যায়, জামালপুর জেলার পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিনের নির্দেশনায় জেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এসআই (নিঃ) মোঃ আতিকুর রহমানের নেতৃত্বে ডিবি-১ এর একটি চৌকশ অভিযানিক দল অভিযান চালিয়ে ইয়াবাসহ ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।

ডিবি জানায়, আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং পরে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

জামালপুরের পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন বলেন, “মাদক সমাজকে ধ্বংস করে দেয়। যুব সমাজকে রক্ষা করতে জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদক ব্যবসায়ী ও অপরাধীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!