হোম » সারাদেশ » গণমাধ্যমই পারে পুষ্টি সচেতনতা ঘরে ঘরে পৌঁছে দিতে: গণপতি রায়

গণমাধ্যমই পারে পুষ্টি সচেতনতা ঘরে ঘরে পৌঁছে দিতে: গণপতি রায়

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি:
অপুষ্টি, খাদ্যে ভেজাল ও অনিরাপদ খাদ্য গ্রহণের ঝুঁকি মোকাবিলায় গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) গণপতি রায়। তিনি বলেন, “সঠিক পুষ্টি তথ্য মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সাংবাদিকদের ভূমিকা অপরিহার্য। গণমাধ্যম সচেতন হলে সমাজও সচেতন হবে।
সোমবার (১৮ মে) সকালে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইন্সটিটিউট (বারটান) আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ” প্রকল্পের আওতায় অনুষ্ঠিত এ কর্মশালায় জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের প্রায় ৩০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
বারটানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ আঃ মজিদের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় বক্তারা বলেন, শুধু খাদ্য উৎপাদন বৃদ্ধি নয়, খাদ্যের পুষ্টিমান সম্পর্কেও জনসচেতনতা তৈরি করা জরুরি। পুষ্টিসমৃদ্ধ খাদ্য গ্রহণ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সুস্থ জাতি গঠনে কার্যকর ভূমিকা রাখে।
প্রশিক্ষণে শিশু, কিশোর-কিশোরী, গর্ভবতী নারী ও বয়স্কদের পুষ্টি চাহিদা, সুষম খাদ্যের গুরুত্ব, নিরাপদ খাদ্য সংরক্ষণ এবং দৈনন্দিন খাদ্য তালিকায় পুষ্টিকর খাবার অন্তর্ভুক্তির বিভিন্ন দিক তুলে ধরা হয়। অংশগ্রহণকারী সাংবাদিকরাও বিভিন্ন প্রশ্ন ও মতামতের মাধ্যমে কর্মশালাকে প্রাণবন্ত করে তোলেন।
দিনব্যাপী প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা জানান, এ আয়োজন তাদের পুষ্টি ও খাদ্য নিরাপত্তা বিষয়ে নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছে। ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ অব্যাহত রাখার দাবি জানান তারা।
এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ইন্না, যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ দেওয়ান রাজু, সাংগঠনিক সম্পাদক রহমত আলী, কোষাধ্যক্ষ নুরুল ইসলাম রইসী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ এইচ এম আলমগীর, দপ্তর সম্পাদক শেখ মো. এনামুল হক, আপ্যায়ন বিষয়ক সম্পাদক রেজাউল করিম, কার্যনির্বাহী সদস্য সোহাগ হাসান জয়,নাগরিক টেলিভশনের সিরাজগঞ্জ প্রতিনিধি সুজন সরকার, দৈনিক যুগের কথা পত্রিকার সম্পাদক (ভারপ্রাপ্ত) হুমায়ুন কবির সুমন, রাইজিংবিডি কম এর জেলা প্রতিনিধি অদিত্য রাসেল প্রমুখ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!