
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার মেঘনা থানা পুলিশ অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ মো: মোসলেম উদ্দিন প্রকাশ মোসলেম মিয়া (৬০) নামের এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করে জেলহাজতে আটক রাখার আবেদন জানিয়েছে পুলিশ। আজ সোমবার (১৮ মে) তাকে কুমিল্লা বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত নং-০৫ এ প্রেরণ করা হয়। গ্রেফতারকৃত মোসলেম উদ্দিন মেঘনা থানার পাড়ারবন্দ গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মো: মকবুল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে রাধানগর ইউনিয়নের লক্ষণখোলা ব্রিজে অবস্থানকালে সংবাদ পায় যে, রাধানগর গ্রামস্থ ধৃত আসামির বসত ঘরে কয়েকজন লোক অবৈধ মাদক ক্রয়-বিক্রয় করছে।
পরবর্তীতে সকাল ১০:৫০ ঘটিকায় পুলিশ সেখানে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মোসলেম উদ্দিনকে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে কাজল (৪৫) ও পুতুল বেগম (২১) নামের অপর দুই আসামি কৌশলে পালিয়ে যায়।
আটককৃত মোসলেম উদ্দিনের দেহ তল্লাশি করে তার পরিহিত লুঙ্গির ডান কোছড় হতে একটি সাদা পলিথিনে মোড়ানো ১০ (দশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক ওজন ১ গ্রাম। এ ঘটনায় মেঘনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর সারণি ১০(ক)/৪১ ধারায় মামলা (মামলা নং-২২, তারিখ: ১৮/০৫/২০২৬ইং) দায়ের করা হয়েছে।
পুলিশের রেকর্ডপত্র ও সিডিএমএস (CDMS) পর্যালোচনা করে দেখা গেছে, গ্রেফতারকৃত আসামি মোসলেম উদ্দিন একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেঘনা থানায় আরও ১০টি মাদক মামলা বিচারাধীন রয়েছে। মামলাগুলো ২০১৩ থেকে ২০২৪ সালের বিভিন্ন সময়ে দায়ের করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা সাব-ইন্সপেক্টর মো: মকবুল হোসেন প্রতিবেদনে উল্লেখ করেন, আসামি জামিনে মুক্তি পেলে পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে যুবসমাজকে ধ্বংসের পথে ঠেলে দেবে। তাই মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ও এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার্থে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিকে জেলহাজতে আটকে রাখার জন্য আদালতের কাছে বিনীত প্রার্থনা জানানো হয়েছে। পলাতক বাকি আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন
প্রতিটি পরিবারকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীর
বগুড়ার মহাস্থানে গলি থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, তদন্তে পিবিআই
ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৫৯০ পিস ইয়াবাসহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার