
মোঃ এখলাস শেখ, মোরেলগঞ্জ প্রতিনিধিঃ
বাগেরহাট-৪ আসনে জাতীয় সংসদ নির্বাচনের পর এবার স্থানীয় সরকার নির্বাচনেও চমক দেখাতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলীয় সূত্রে জানা গেছে, ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীদের চূড়ান্ত করার কাজ অনেকটাই সম্পন্ন করেছে দলটি। উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে শক্ত অবস্থান তৈরি করতে মাঠপর্যায়ে ব্যাপক প্রস্তুতি চালিয়ে যাচ্ছে জামায়াত।
স্থানীয় সরকার নির্বাচনে মোরেলগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে অধ্যাপক শহিদুল ইসলামের নাম চূড়ান্ত করা হয়েছে। এছাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান পদে মাওলানা শাহাদাৎ হোসাইন এবং মোরেলগঞ্জ পৌরসভার মেয়র পদে মোঃ রফিকুল ইসলামকে দলীয় প্রার্থী হিসেবে নির্বাচনের প্রস্তুতি নিতে দেখা যাচ্ছে।
এদিকে মোরেলগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীদের তালিকাও প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানা গেছে। দলটির নেতাকর্মীদের দাবি, এবারের স্থানীয় সরকার নির্বাচনে নতুন মুখ ও জনপ্রিয় প্রার্থীদের মাধ্যমে বড় ধরনের চমক দেখাতে চায় জামায়াতে ইসলামী।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জাতীয় রাজনীতির পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরেও বাগেরহাট-৪ আসনে রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ হতে পারে। বিশেষ করে মোরেলগঞ্জ উপজেলায় বিভিন্ন রাজনৈতিক দলের তৎপরতা ইতোমধ্যে বৃদ্ধি পেয়েছে।
জামায়াত নেতারা বলছেন, জনগণের প্রত্যাশা ও এলাকার উন্নয়নকে সামনে রেখেই তারা যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থী বাছাই করছেন। নির্বাচনী পরিবেশ সৃষ্টি হলে মাঠপর্যায়ে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালানো হবে বলেও জানিয়েছেন তারা।

আরও পড়ুন
প্রতিটি পরিবারকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীর
বগুড়ার মহাস্থানে গলি থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, তদন্তে পিবিআই
ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৫৯০ পিস ইয়াবাসহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার