হোম » সারাদেশ » বগুড়া শেরপুরে চালককে অজ্ঞান করে অটোভ্যান ছিনতাই

বগুড়া শেরপুরে চালককে অজ্ঞান করে অটোভ্যান ছিনতাই

এম,এ রাশেদ, বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার শেরপুর উপজেলায় এক অটোভ্যান চালককে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে ও মারধর করে তার নতুন অটোভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার (৪ মে) সকালে উপজেলার বিশালপুর ইউনিয়নের রাণীরহাট বাজার এলাকার তেল পাম্প সংলগ্ন স্থান থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।
ভুক্তভোগী চালকের নাম মিজানুর রহমান (৪৫)। তিনি গাড়িদহ ইউনিয়নের শিবপুর গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রাণীরহাট বাজারের তেল পাম্প ও রূপালী বাজারের মাঝামাঝি সড়কের পাশে এক ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পথচারীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিলে তার জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফেরার পর মিজানুর রহমান জানান, আগের রাতে ৪-৫ জনের একটি সংঘবদ্ধ দল তার পথরোধ করে মারধর করে। একপর্যায়ে তাকে জোরপূর্বক  নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে তার সদ্য কেনা অটোভ্যানটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
ঘটনার খবর পেয়ে শেরপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। পরে গ্রাম পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ সময় স্থানীয় হাফিজসহ আরও অনেকে সহযোগিতা করেন।
শেরপুর থানার ওসি (তদন্ত) জয়নাল আবেদীন জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও ছিনতাইকৃত অটোভ্যান উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!