
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনট উপজেলায় একটি মন্দিরে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগ উঠেছে। গত রবিবার (৮ মার্চ) গভীর রাতে উপজেলার রুদ্রবাড়িয়া গ্রামের দাসপাড়া এলাকায় অবস্থিত বারোয়ারী লক্ষ্মী মন্দিরে এ ঘটনা ঘটে।
মন্দির পরিচালনা কমিটির সভাপতি শ্রী গোপাল কুমার দাস জানান, পাকা সড়কের পাশে অবস্থিত মন্দিরটির চারপাশে বসতবাড়ি রয়েছে। রবিবার গভীর রাতে কে বা কারা মন্দিরের টিনশেড ঘরে পেট্রোল ঢেলে আগুন লাগানোর চেষ্টা করে। এ সময় পাশের একটি বাড়ির বাসিন্দা আগুন জ্বলতে দেখে চিৎকার করলে স্থানীয়রা দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
তিনি আরও জানান, ঘটনাস্থলে একটি লাঠির সঙ্গে কাপড় মোড়ানো অবস্থায় পাওয়া যায়, যা পেট্রোলে ভেজানো ছিল বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়দের দ্রুত তৎপরতার কারণে মন্দিরে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। বহু বছর আগে মন্দিরটি প্রতিষ্ঠিত হলেও এর আগে এমন কোনো ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি জানান, সম্প্রতি এলাকাটিতে মাদকের বিস্তার কয়েক গুণ বেড়ে গেছে। সন্ধ্যার পর প্রায়ই অচেনা লোকজনের আনাগোনা দেখা যায়। তারা স্থানীয় কিছু চিহ্নিত ব্যক্তির সঙ্গে মাদকের কারবারে জড়িত বলে অভিযোগ রয়েছে। মাদক ব্যবসায়ীরা অনেক সময় মন্দিরের অবস্থানকে ঠিকানা হিসেবে ব্যবহার করে থাকে। ধারণা করা হচ্ছে, মাদক সংশ্লিষ্ট ব্যক্তিরাই এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য