
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি: গেজেট প্রকাশের আগেই জানা গেল ১২ই ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ ( কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ) আসনে বিএনপি জামাতের প্রার্থীদের মাঝে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জয় পেয়েছেন ধানের শীষ প্রতীকের বিএনপি প্রার্থী। তবে এই আসনে অংশ নেওয়া ৭ প্রার্থীর মধ্যে আপন ২ ভাই সহ ৫ জনই তাদের জামানত হারিয়েছেন। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, মোট বৈধ ভোটের (১২.৫%) ভোট না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হওয়ার কথা। এই বিধি অনুযায়ী ৫ প্রার্থী তাদের জামানত হারানোর এই পরিণতি বরণ করতে হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ঘোষিত ফলাফল অনুযায়ী, এই আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে বিএনপির ধানের শীষ প্রতীকের আহমেদ সোহেল মনজুর ও দাঁড়িপাল্লা প্রতীকের জামায়াতে ইসলামীর প্রার্থী শামীম সাঈদীর মধ্যে । বিএনপি মনোনীত প্রার্থী আহম্মদ সোহেল মনজুর সুমন ১ লাখ ৫ হাজার ১৮৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী শামীম সাঈদী পেয়েছেন ৯৬ হাজার ৮৯৭ ভোট।
বিজয়ী প্রার্থীকে চ্যালেঞ্জ জানিয়ে নির্বাচন করা পাঁচ প্রার্থী ন্যূনতম ভোটের কোটা পূর্ণ করতে ব্যর্থ হয়েছেন। ফলে তাদের সবার জামানত বাজেয়াপ্ত হয়েছে। জামানত হারানো প্রার্থীরা হলেন: বিএনপি থেকে মনোনয়ন না পাওয়া আনোয়ার হোসেন মঞ্জুর চাচাতো ভাই বিএনপির বিদ্রোহী প্রার্থী মাহমুদ হোসেন (স্বতন্ত্র) ঘোড়া মার্কায় ভোট পেয়েছেন ১৬ হাজার ৭৭ ভোট। তার আপন ছোট ভাই মো. মাহিবুল হোসেন (জাতীয় পার্টি-জেপি): বাইসাইকেল মার্কা নিয়ে ৪ হাজার ৬৭৮ ভোট। মো. আবুল কালাম আজাদ (ইসলামী আন্দোলন):হাত পাখা মার্কায় ৬ হাজার ৬৩৮ ভোট।
ফয়সাল খান (এবি পার্টি) ঈগল মার্কায় ৩৮৮ ভোট। আনিসুর রহমান (গণঅধিকার পরিষদ): ১৪৩ ভোট। নির্বাচন অফিস সূত্রে এবং সরজমিন পরিদর্শন শেষে জানা গেছে, ভান্ডারিয়া, কাউখালী ও নেছারাবাদ উপজেলার প্রতিটি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এই আসনে কোন প্রভাব ও অপ্রীতিকর ঘটনা বা কারচুপির অভিযোগ ছাড়াই নির্বাচন সম্পন্ন হয়েছে। এ ব্যাপারে কাউখালি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার আসাদুজ্জামান বলেন পিরোজপুর দুই আসনে বৈধ ভোটের সাড়ে বারো পার্সেন্ট ভোট না পাওয়া পাঁচ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

আরও পড়ুন
ঋণের চাপে ফায়ার সার্ভিস কর্মীর আত্মহত্যা, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের বাধার অভিযোগ
বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নতুন নাম ঘোষণা
সিরাজগঞ্জে শিশু ধর্ষণ, প্রধান আসামি ঢাকা থেকে গ্রেফতার