
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ার ধুনটে ‘ডেভিল হান্ট’ ফেজ-২ পুলিশের অভিযানে বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলার অজ্ঞাতনামা আসামি মাহমুদুল হাসান মিথু (৩২) নামে এক ইউনিয়ন যুবলীগের সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাহমুদুল হাসান ভান্ডারবাড়ি ইউনিয়ন যুবলীগের ০৭ নম্বর সদস্য এবং নারায়ণপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ৩০ মে ধুনট বাজারের হোটেল আরাফাত ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল চলছিল। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা কার্যালয়ে প্রবেশ করে দোয়া মাহফিলে হামলা চালায়। এতে বিএনপি নেতাকর্মীদের মারধর করা হয় এবং কার্যালয় ভাঙচুরসহ ব্যানারে অগ্নিসংযোগ করা হয়।
এ ঘটনায় ২০২৪ সালের ১২ নভেম্বর যুবদল নেতা ইমদাদুল হক রনি বাদী হয়ে আওয়ামী লীগের ৬১ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬০ জনের বিরুদ্ধে ধুনট থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে মাহমুদুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে।
ধুনট থানার সেকেন্ড অফিসার (এসআই) মো. মোস্তাফিজ আলম জানান, মামলার এজাহারে গ্রেপ্তারকৃত আসামির নাম উল্লেখ না থাকলেও তদন্তে তার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকালে তাকে বগুড়া আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২