হোম » সারাদেশ » মহান বিজয় দিবসে ফরিদপুরে এনসিপির বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা

মহান বিজয় দিবসে ফরিদপুরে এনসিপির বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা

Oplus_131072

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
​মহান বিজয় দিবস উপলক্ষে ফরিদপুর জেলা এনসিপির পক্ষ থেকে এক বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর জেলা এনসিপির আহ্বায়ক ও ফরিদপুর-১ আসনের মনোনয়ন প্রত্যাশী মো. হাসিবুর রহমান (অপু ঠাকুর) এই শোভাযাত্রার নেতৃত্ব দেন। এতে জেলা এনসিপির সদস্য সচিব সাইফ হাসান খান সাকিবসহ দলীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। স্বাধীনতার চেতনা ধারণ করে বিজয়ের এই দিনে কয়েক শতাধিক মোটরসাইকেল নিয়ে নেতাকর্মীরা জাতীয় পতাকা, ব্যানার ও স্লোগানে মুখর হয়ে বোয়ালমারী, মধুখালী ও আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।

​মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে বোয়ালমারী রেলস্টেশন থেকে শোভাযাত্রাটি শুরু হয়। এটি তিন উপজেলার গুরুত্বপূর্ণ বাজার ও সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বোয়ালমারী রেলষ্টেশনে এসে সমাপ্ত হয়। পথে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে শোভাযাত্রাটি তাৎক্ষণিকভাবে পথসভার রূপ নেয়।

পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে মো. হাসিবুর রহমান (অপু ঠাকুর) সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা আমাদের আত্মপরিচয়ের ভিত্তি। এই বিজয়ের চেতনা ধারণ করেই একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে হবে।’

​ফরিদপুর-১ আসনের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, এই অঞ্চলের আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী উপজেলায় উন্নয়নের নামে বহু প্রতিশ্রুতি দেওয়া হলেও শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের বাস্তব অগ্রগতি খুবই সীমিত। এখনও বহু গ্রামীণ সড়ক কাঁচা, মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের অভাব প্রকট এবং কর্মসংস্থানের সুযোগ না পেয়ে তরুণ সমাজ হতাশ হচ্ছে। অপু ঠাকুর এই অবস্থার পরিবর্তনে মানুষের পাশে থেকে কাজ করার দৃঢ় সংকল্প ব্যক্ত করেন। তিনি জোর দিয়ে বলেন, উন্নয়ন শুধু অবকাঠামো নয়, মানুষের জীবনমানের উন্নয়নই হলো প্রকৃত উন্নয়ন।

​জনগণের উদ্দেশে তিনি তার রাজনৈতিক লক্ষ্য ব্যাখ্যা করে বলেন, শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে যুবকদের দক্ষ করে গড়ে তোলা এবং স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই তার মূল লক্ষ্য। তিনি মহান বিজয় দিবসে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও এলাকার উন্নয়নে কাজ করার জন্য আহ্বান জানান।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!