
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়ায় বার্মিজ চাকু ও স্টিলের লাঠিসহ সাত মামলার পলাতক আসামি সিহাব পোদ্দার (২৪) কে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার (১২ নভেম্বর) রাতে শাহজাহানপুর থানার কৈগাড়ী ফাঁড়ির এসআই মো. ময়নুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বগুড়া পৌরসভার ১৪ নং ওয়ার্ডের শাকপালা জিয়া মার্কেটের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করেন।
গ্রেফতারকৃত সিহাব পোদ্দার শাকপালা পূর্বপাড়া এলাকার মো. মতিন পোদ্দারের ছেলে।
তল্লাশিতে তার কাছ থেকে একটি ধারালো বার্মিজ চাকু, একটি এক্সটেন্ডেবল স্টিল ব্যাটন (লাঠি), একটি কালো রঙের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং রেজিস্ট্রেশনবিহীন একটি জিক্সার মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতার সিহাব পোদ্দার পূর্বে হত্যা, চাঁদাবাজি, অপহরণ, মারামারি ও নারী নির্যাতনসহ মোট সাতটি মামলার আসামি। এসব মামলার মধ্যে কয়েকটিতে তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে, আবার কিছু মামলায় তিনি অব্যাহতি পেয়েছেন।
তাকে আটক করার পর অস্ত্র আইনে নতুন একটি মামলা দায়ের করে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, সিহাব পোদ্দারের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—
১. হত্যা মামলা (এফআইআর নং-৪, তারিখ ০৬.০৬.২০২০, ধারা ৩০২/৩৪)
২. নারী ও শিশু নির্যাতন মামলা (এফআইআর নং-২৮, তারিখ ১৮.০৬.২০২৫)
৩. চাঁদাবাজি ও অপহরণসহ আরও কয়েকটি মামলা
কৈগাড়ী ফাঁড়ির এসআই ময়নুল ইসলাম জানান, “গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।”

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা