হোম » সারাদেশ » বগুড়ায় সুদের রানী সূর্য বেগম গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ

বগুড়ায় সুদের রানী সূর্য বেগম গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ

‎এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ

বগুড়ায় সুদের কারবারে জড়িত থাকার অভিযোগে আলোচিত সূর্য বেগমকে গ্রেফতার করেছে পুলিশ। ঋণের সুদ আদায়ের নামে জালিয়াতি, ভয়ভীতি প্রদর্শন এবং হুমকির অভিযোগে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

‎অভিযোগ সূত্রে জানা যায়, শহরের দক্ষিণ কাঠনারপাড়া এলাকার অনুপ কুমার সাহার স্ত্রী রিতা সাহা চলতি বছরের ২৫ মে উত্তর চালোপাড়ার বাসিন্দা সূর্য বেগমের কাছ থেকে ৬ লাখ টাকা সুদের ভিত্তিতে ঋণ নেন। জামানত হিসেবে তিনটি নন-জুডিশিয়াল স্ট্যাম্প ও দুটি স্বাক্ষর করা ব্ল্যাংক চেক জমা দেন তিনি।

‎ঋণের টাকা সুদসহ ১৮ লাখ ৯০ হাজার টাকা পরিশোধ করার পরও সূর্য বেগম জামানতপত্র ফেরত না দিয়ে একটি চেক নিজের কাছে রেখে দেন। পরবর্তীতে গত ২১ আগস্ট শহরের কলেজ রোডের ঝামুন রেস্টুরেন্ট এলাকায় সূর্য বেগম, রোকেয়া বেগম, সুমনসহ কয়েকজন রিতা সাহাকে ঘিরে ধরে অতিরিক্ত ১০ লাখ টাকা দাবি করেন। দাবি পূরণ না হলে তাকে হত্যা ও ধর্ষণের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। এসময় রিতাকে মারধর করে জোরপূর্বক তার বাসায় প্রবেশ করেও ভয়ভীতি প্রদর্শন করেন তারা।

‎রিতা সাহার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে তিনি বগুড়া সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে গত শুক্রবার ভোর রাতে পুলিশ সূর্য বেগমকে তার বাসা থেকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে। বর্তমানে তিনি জেল হাজতে রয়েছেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!