হোম » সারাদেশ » টঙ্গীতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ মিছিল 

টঙ্গীতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ মিছিল 

টঙ্গী প্রতিনিধি:  পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে প্রতিবছরের মতো এবারও টঙ্গীতে নেদায়ে ইসলাম গাজীপুর জেলা শাখার উদ্যোগে নেদায়ে ইসলামের চেয়ারম্যান ও ফরাযীকান্দি উয়েসীয়া শরীফের সাজ্জাদানাশীন পীর সাহেব আল্লামা শায়খ সায়্যিদ মোশতাক আহমাদ আল আহমাদী উয়েসী রিফায়ী (মা.জি.আ) এর নেতৃত্বে লাখো নবীপ্রেমী সুফিবাদী জনতার অংশগ্রহণে জাঁকজমকভাবে বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার ভোর থেকেই জেলা ও মহানগরের বিভিন্ন প্রান্ত থেকে আসা ধর্মপ্রাণ সুফিবাদী জনতা টঙ্গী পশ্চিম থানাধীন চেরাগআলী এলাকার নেদায়ে ইসলাম বেপারী বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে সমবেত হন। এবার ঈদে মিলাদুন্নবী (দ.) এর ১৫০০ বর্ষপূর্তি উপলক্ষে মানুষের মধ্যে ছিল ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা। এরপর জুম্মার নামাজ শেষে নেদায়ে ইসলাম বেপারী বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণ থেকে আনন্দ মিছিলটি বের হয়ে টঙ্গীর প্রধান সড়ক ও মহাসড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মসজিদ প্রাঙ্গণে এসে শেষ হয়। মিছিলের অগ্রভাগে বড় অক্ষরে লেখা “বড় ঈদ” ঈদে মিলাদুন্নবী। অংশগ্রহণকারীদের হাতে কালেমা খচিত পতাকা, প্ল্যাকার্ড, ফেস্টুন, বিশাল পতাকা বহন করে টঙ্গীর রাস্তাঘাট মুখরিত করে তোলেন। ধ্বনিত হতে থাকে নারায়ে তাকবির ও নারায়ে রিসালতের স্লোগান। অংশগ্রহণকারীদের গায়ে ছিল সবুজ রংয়ের পায়জামা-পাঞ্জাবি মাথায় পাগড়ি। আনন্দ মিছিল শেষে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও আখেরি মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।
মাহফিলে বক্তব্যে নেদায়ে ইসলামের চেয়ারম্যান বলেন, রবিউল আউয়াল মাসে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মোস্তাফা (সা.) দুনিয়ায় আগমন করেছেন। তাই বিশ্বজুড়ে মুসলমানরা ঈদে মিলাদুন্নাবী পালন করে আল্লাহর শুকরিয়া আদায় করে থাকেন। তিনি ছিলেন ‘রহমাতুল্লিল আলামীন’। তাঁর আদর্শ অনুসরণ করলেই বিশ্বে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। পরে আখেরি মোনাজাতে দেশ-জাতির শান্তি, মুসলিম উম্মাহর ঐক্য এবং মানবতার কল্যাণ কামনা করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন নেদায়ে ইসলামের পক্ষে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. সালিম আহমাদ খান, আল্লামা শায়খ মোকাদ্দেস আহমাদ, লেখক ও গবেষক কবি মাসুক আহমেদ, স্কলাস্টিকা স্কুলের শিক্ষক মীর মুদ্দাসসির আহমাদ, মাওলানা আল আমিন হোসাইন, টঙ্গী নেদায়ে ইসলামের সাধারণ সম্পাদক মিরাজ উদ্দিন, খাদেম মনির বেপারী ও সাংবাদিক কালিমুল্লাহ ইকবাল প্রমুখ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!