হোম » সারাদেশ » জামালপুরে চোরাই মোটরসাইকেলসহ চোরচক্রের মূলহোতা আটক

জামালপুরে চোরাই মোটরসাইকেলসহ চোরচক্রের মূলহোতা আটক

রবিউল হাসান লায়ন: জামালপুরে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের মূলহোতা আসাদুল ইসলামকে (২৫) নামে এক যুবককে আটক করেছে র‍‍্যাব-১৪। একইসাথে ২টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। আটককৃত আসাদুল জেলার মেলান্দহ উপজেলার মহিরামকুল গ্রামের মৃত আনার পাগলার ছেলে। শুক্রবার দুপুরে স্থানীয় র‍‍্যাব-১৪ এর কর্যালয়ে প্রেস ব্রিফিং এ এসব তথ্য দেন র‍‍্যাব-১৪, সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার শেখ মুত্তাজুল ইসলাম।

র‍‍্যাব সূত্র জানায়, গত বুধবার মধ্য রাতে জামালপুর পৌর শহরের জঙ্গলপাড়া থেকে রেজিষ্ট্রেশন বিহীন একটি ডিসকোভার মোটরসাইকেল উদ্ধার করে র‍‍্যাব সদস্যরা। পরবর্তীতে উদ্ধারকৃত ওই মোটরসাইকেলের সূত্র ধরে বৃহস্পতিবার দিবাগত রাতে জেলার মেলান্দহ উপজেলা পড়াগুড়ি এলাকা হতে আন্ত:জেলা মোটরসাইকেল চোর চক্রের মূলহোতা আসাদুল ইসলামকে তার হেফাজতে থাকা আরও একটি রেজিষ্ট্রেশন বিহীন (হিরো স্প্লেন্ডার)  মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়।

র‍‍্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার শেখ মুত্তাজুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসাদুল ইসলাম আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

তিনি আরও জানান, আটককৃত আসাদুলসহ তার চোর চক্রের অন্যান্য সদস্যরা জেলার বিভিন্ন স্থান হতে মোটরসাইকেল চুরি করে ভিন্ন ভিন্ন জেলায় বিক্রি করে থাকে। শুধু তাই নয়, দেশের বিভিন্ন জেলায় ভাড়া বাসায় অবস্থান করে মোটরসাইকেল চুরি করে তারা। মোটরসাইকেল চুরির পরে চোরচক্রের সদস্যরা যত  দ্রুত সম্ভব মোটরসাইকেলটি বিক্রি করে দেয়।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!