
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার ধুনটে বিএনপির পূর্বনির্ধারিত কর্মসূচিতে হামলার ঘটনায় দায়ের করা নাশকতার মামলায় উপজেলা যুবলীগের সহসভাপতি ওহিদুল ইসলাম (৫৩) কে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২২ আগস্ট) সকালে ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়ন পরিষদের পাশে স্থানীয়রা তাকে দেখতে পেয়ে আটক করে এবং পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত ওহিদুল ইসলাম রাঙ্গামাটি গ্রামের মৃত গোলাম রহমানের ছেলে। তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ জুন সন্ধ্যায় ধুনট পৌর শহরের পশ্চিম ভরনশাহী গ্রামে বিএনপির একটি কর্মীসভায় হামলার ঘটনা ঘটে। এতে ককটেল বিস্ফোরণ, ভাঙচুর এবং মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় ধুনট উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আশাদুল ইসলাম বাদী হয়ে ২০২৫ সালের ২৬ জানুয়ারি ৭৮ জনের নাম উল্লেখ করে এবং আরও ৫০/৬০ জনকে অজ্ঞাত আসামি করে থানায় একটি নাশকতার মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃত ওহিদুল ইসলাম ওই মামলার এজাহারনামীয় আসামি ছিলেন। শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২