
রংপুর ব্যুরো
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে শিক্ষার্থীরা গতকাল রোববার (১৭ আগস্ট) থেকে আমরণ অনশন করছেন। এই কর্মসূচির ইতোমধ্যেই ৩০ ঘণ্টা পার হয়েছে। অনশনে বসা শিক্ষার্থীদের মধ্যে ৫ জন শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে গুরুতর অসুস্থ দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) বিকেল ৩ টা পর্যন্ত পাঁচজনের অসুস্থতার খবর পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন অনশনরত শিক্ষার্থী আশিকুর রহমান।
আন্দোলনকারীদের মধ্যে রোববার দিবাগত রাতে অসুস্থ হয়ে পড়েন সমাজবিজ্ঞান বিভাগের ১৬ ব্যাচের শিক্ষার্থী জাহিদ হাসান জয়, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১৪ ব্যাচের শিক্ষার্থী মাহিদুল ইসলাম মাহিদ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৪ ব্যাচের শিক্ষার্থীর রুম্মানুল ইসলাম রাজ। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদেরকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিতে চাইলে তারা যেতে রাজি হননি। এতে তাদের সেখানেই স্যালাইন লাগিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। আজ সকালে অসুস্থ হয়ে পড়েন গণিত বিভাগের শিক্ষার্থী আরমান হোসেন।
দুপুর ১২টার দিকে সমাজবিজ্ঞান বিভাগ ১৬তম ব্যাচের শিক্ষার্থী জাহিদ হাসান জয়ের শারীরিক অবস্থা আরও গুরুতর অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আন্দোলনকারীরা জানান, বিশ্ববিদ্যালয়ে দ্রুত ব্রাকসু নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা না হওয়া পর্যন্ত তাদের এই অনশন চলবে। আন্দোলনকারীরা অভিযোগ করে বলেন, ১৭ বছর পার হলেও বিশ্ববিদ্যালয়ে একবারও ছাত্র সংসদ নির্বাচন হয়নি। গণতান্ত্রিক অধিকার থেকে শিক্ষার্থীদের বঞ্চিত করা হচ্ছে।
অনশনে বসা ১০ জন শিক্ষার্থীরা হলেন—জাহিদ হাসান জয়, শিবলী সাদিক, কায়সার, মাহীদ, আশিকুর রহমান, আরমান হোসেন, নয়ন মিয়া, আতিকুর রহমান এবং রুম্মানুল ইসলাম রাজ। এ ছাড়া অনশনে বসা এই নয়জনকে সংহতি জানিয়ে তাদের পাশে অবস্থান করছেন বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। ছাত্র সংগঠনের নেতাকর্মী ছাড়াও জুলাই যোদ্ধাদের অনেকেই অনশন কর্মসূচিতে সংহতি জানিয়েছেন।
উল্লেখ্য, ব্রাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে শিক্ষার্থীরা আমরণ অনশন শুরু করেছেন। রোববার বেলা ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীরা এই কর্মসূচি শুরু করেন।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ