
মো:রাফাত হোসেন,কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার গোপালপুর গ্রামের কৃতী সন্তান জাহাঙ্গীর কবির অতিরিক্ত কারা মহাপরিদর্শক (ADIG Prisons) হিসেবে পদোন্নতি পেয়েছেন। সোমবার (৭ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের উপসচিব মো. হাফিজ-আল-আসাদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জাহাঙ্গীর কবিরকে বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশক্রমে জাতীয় বেতন স্কেল-২০১৫ এর চতুর্থ গ্রেডে অতিরিক্ত কারা মহাপরিদর্শক পদে উন্নীত করা হয়েছে।
তিনি এর আগে কারা উপ-মহাপরিদর্শক (DIG Prisons) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ২০০৮ সালে মুন্সীগঞ্জ জেলা কারাগারে জেল সুপার হিসেবে কর্মজীবন শুরু করেন জাহাঙ্গীর কবির। এরপর সিনিয়র জেল সুপার, এআইজি (উন্নয়ন), উপ-মহাপরিদর্শক এবং সর্বশেষ ২০২৩ সালে ঢাকা বিভাগের ডিআইজি প্রিজন্স পদে দায়িত্ব পালন করেন তিনি।
কর্মজীবনে তিনি চট্টগ্রাম, কাশিমপুর, কুমিল্লা, ঢাকা ও ময়মনসিংহসহ দেশের গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় কারাগারে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। জাহাঙ্গীর কবির ১৯৭৬ সালের ২৪ ডিসেম্বর জন্মগ্রহণ করেন ঝিনাইদহ সদর উপজেলার ২ নম্বর মধুহাটি ইউনিয়নের বাজার গোপালপুর গ্রামের এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে। তার পিতা মো. আবু জাফর ছিলেন এলাকার একজন সম্মানিত ব্যক্তি। পাঁচ ভাইয়ের মধ্যে তিনি তৃতীয়।
শিক্ষাজীবনে জাহাঙ্গীর কবির বাজার গোপালপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি, ঢাকা কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে বিএসএস (অনার্স) ও এমএসএস (১ম শ্রেণি) ডিগ্রি অর্জন করেন। জাহাঙ্গীর কবিরের এই সাফল্যে গোটা গোপালপুর গ্রামসহ ঝিনাইদহবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি দেখা গেছে। এলাকার তরুণ সমাজ তাকে অনুকরণীয় ব্যক্তিত্ব হিসেবে দেখছেন।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা