
রবিউল হাসান লায়ন: জামালপুরে নগর মাতৃসদন কেন্দ্রের কর্তৃপক্ষের অবহেলায় ডাক্তার ছাড়া নার্স ও আয়া দারা নারীকে স্বাভাবিক প্রসব করাতে গিয়ে এক নবজাতকের মৃত্যুর ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। রবিবার সকালে নবজাতক শিশুটির পিতা সোহেল আনসারী বাদি হয়ে এ মামলা দায়ের করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ জুলাই মামলার বাদী সোহেল আনসারীর স্ত্রী নৌরিন জান্নাত মৌ এর প্রসব ব্যাথা শুরু হলে জামালপুর শহরস্থ নগর মাতৃসদন কেন্দ্রে ভর্তি করা হয়।
ভর্তির পরবর্তী সময়ে মেডিকেল এসিস্ট্যান্ট সাব্বির তার স্ত্রীর ও গর্ভের বাচ্চার বর্তমান অবস্থা পরীক্ষা-নিরিক্ষা করে সঠিক আছে বলে অবহিত করে। এরপর ওইদিন রাতে তার স্ত্রীর প্রসব ব্যাথা বাড়তে থাকলে নগর মাতৃসদন কেন্দ্রের কর্তব্যরত নার্স ও স্টাফ, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং ডাক্তারের সাথে বারবার যোগাযোগ করা হলেও হাসপাতাল কর্তৃপক্ষ সময় ক্ষেপন করতে থাকে। পরবর্তীতে ৫ জুলাই রাত ৩ টার দিকে তার স্ত্রীকে নগর মাতৃসদন কেন্দ্রের নার্স শিরিন আক্তার ও বন্যা কোন বিষেজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়াই হাফ সিজার করে একটি কন্যা শিশু ডেলিভারি করে। এসময় নবজাতকের হাত, পা, গলা, ঘাড়, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে চামড়া ছিলা রক্তাক্ত জখম পরিলক্ষিত হয়।
এছাড়াও নবজাতকের নাক-মুখ দিয়ে তাজা রক্ত প্রবাহিত হতে দেখা যায়। এসময় উপস্থিত নার্স পরিচয়ধারী শিরিন ও বণ্যা নামের আরও এক নারী মৃত নবজাতক ও নবজাতকের মাকে অজ্ঞান অবস্থায় রেখে ঘটনাস্থল থেকে পলিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মৃত নবজাতকের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক জানান, শহরের নগর মাতৃসদনে নবজাতক মৃত্যুর ঘটনায় ৫ জনকে নামীয় ও অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামী করে মামলা দায়ের হয়েছে। এরমধ্যে অভিযুক্ত নার্স ও আয়া দুইজনকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে এবং পরবর্তী আইনি পদক্ষেপ চলমান রয়েছে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক