
রবিউল হাসান লায়নঃ জামালপুরে ধর্ষনের শিকার হয়ে চার মাসের অন্তঃসত্ত্বা নারী বুলি বেগম (৩৫) এর মৃত্যুর ঘটনায় প্রধান আসামি জাহাঙ্গীর আলম (৪০) কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১)। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার বালুবাড়ী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর আলম উপজেলার ঝাউরাম গ্রামের আসাদুজ্জামান আসাদের ছেলে।
এজাহার সূত্রে জানা যায়, তিন সন্তানের জননী ভুক্তভোগী বুলি বেগম জামালপুর সদর উপজেলার পাঁচগাছি এলাকার বাসিন্দা। তার স্বামী মো. মুগল মিয়া কর্মসূত্রে সৌদি আরবে রয়েছেন। এদিকে স্বামীর অনুপস্থিতিতে লম্পট জাহাঙ্গীর আলম বারবার বুলিকে অনৈতিক সম্পর্কের প্রস্তাব দিয়ে হয়রানি করত। হয়রানির একপর্যায়ে গত বছরের ১৪ ডিসেম্বর রাতে জাহাঙ্গীর কৌশলে ভুক্তভোগী বুলির ঘরে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এদিকে ধর্ষণের ফলে বুলি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে এবং পরবর্তীতে চলতি বছরের ১৯ মার্চ জাহাঙ্গীর ও তার সহযোগীরা বুলিকে গর্ভপাত করতে বাধ্য করে, এমতবস্থায় অধিক রক্তক্ষরণের ফলে বুলির শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। দীর্ঘ চিকিৎসার পরে চলতি বছরের ১৫ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন ভুক্তভোগী ওই নারী।
পরে ভুক্তভোগীর পিতা আবু বকর দুদু বাদি হয়ে দুই জনকে আসামি করে জামালপুর সদর থানায় মামলা দায়ের করেন।
জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) এর ওসি মো. নাজমুস সাকিব বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। এই ঘটনায় শুধু একজন নারীই নয় একইসাথে একটি পরিবার ও একটি সমাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। মামলার শুরু থেকেই বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হয়েছে। মামলার প্রধান আসামির অবস্থান শনাক্ত করে শনিবার দিবাগত রাতে টাঙ্গাইল জেলার গোপালপুর থানাধীন বালুবাড়ী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, বুলির মৃত্যুর ঘটনা আমাদের বিবেককে নাড়িয়ে দিয়েছে। জেলা ডিবি পুলিশ এই ঘটনার প্রধান আসামিকে গ্রেপ্তারে যে ধৈর্য ও কৌশল দেখিয়েছে তা সত্যি প্রশংসনীয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং
মামলার অন্য আসামিকে আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন
বগুড়া শাজাহানপুরে ধর্ষণ মামলার পলাতক কিশোর গ্রেপ্তার
সিরাজগঞ্জে কিশোর গ্যাংয়ের প্রধান বাবু মিয়া ও রিজভীকে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩