হোম » সারাদেশ » চকরিয়ায় কোনো বেসরকারি হাসপাতাল-ক্লিনিকের নিবন্ধন নেই 

চকরিয়ায় কোনো বেসরকারি হাসপাতাল-ক্লিনিকের নিবন্ধন নেই 

এইচ এম রুহুল কাদের , চকরিয়া : অদক্ষ জনবল ও অননুমোদিত পদ্ধতিতে চিকিৎসা সেবা দিয়ে এসব প্রতিষ্ঠান আয় করছে মোটা অঙ্কের টাকা । সেইসঙ্গে নিবন্ধন নবায়ন না করেই এসব প্রতিষ্ঠান কার্যক্রম চালিয়ে সরকারি রাজস্ব ফাঁকি দিচ্ছে। অনেক হাসপাতাল ও ল্যাবে ডিপ্লোমা ধারী চিকিৎসক চেম্বার করে রোগী দেখে বিভিন্ন রকমের উচ্চ মাত্রার এন্ট্রিবায়োটিক লিখে দিচ্ছেন । সরেজমিনে  দেখা যায়, কিছু হাসপাতালের ২০১৯ সালে নিবন্ধনের মেয়াদ শেষ হয়েছে । আর কিছু প্রতিষ্ঠানের ২০২২-২৩ সাল পর্যন্ত ছিল । তবে সকল হাসপাতাল-ল্যাবের মেয়াদ ২০২৪ সালে নিবন্ধনের মেয়াদ শেষ হয়েছে ।

পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের উপ-পরিচালক জমির উদ্দিন বলেন, পরিবেশ ছাড়পত্র ছাড়া কোনো ক্লিনিক, হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টার নিবন্ধিত হতে পারবে না ।  বর্জ্য ব্যবস্থাপনা না থাকলে ছাড়পত্র দেয়া হয় না । পরিবেশ সংরক্ষণ (সংশোধন) আইন, ২০১০ অনুযায়ী, পরিবেশ ছাড়পত্র ছাড়া কোনো বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান নিবন্ধনের অনুমতি পায় না।

চকরিয়া উপজেলায় ৪৪টি  বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের মধ্যে একটি প্রতিষ্ঠানেরও পরিবেশ ছাড়পত্র ও স্বাস্থ্য বিভাগের নিবন্ধনের মেয়াদ নেই । বেশিরভাগেরই নেই সঠিক নিবন্ধন ও দক্ষ জনবল । অভিযোগ রয়েছে, অদক্ষ কর্মী দিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে । নেই প্যাথলজিস্ট, টেকনিশিয়ান ও প্রয়োজনীয় যন্ত্রপাতি ।

তবে এসব বেসরকারি হাসপাতাল-ল্যাব কর্তৃপক্ষ বলছে, নিবন্ধন নবায়ন না থাকার পিছনে বিগত সময়ে কক্সবাজার জেলা সিভিল সার্জনের অবহেলা আছে । চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: জয়নুল আবেদীন বলেন , হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কাগজপত্র নবায়ন যাচাই বাছাই চলছে । সকল অবৈধ হাসপাতাল ও ল্যাবের বিরুদ্ধে খুব শীগ্রই অভিযান পরিচালনা করা হবে ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!