
আবু জাহের: বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় তানভীর আহম্মেদ নামের এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। এই ঘটনায় আরেক এসএসসি পরীক্ষার্থীসহ দুইজন গুরুতর আহত হয়েছেন তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ২৬মে শুক্রবার রাত ৯টায় উপজেলার শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কের
শুভগাছা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত এসএসসি পরীক্ষার্থী তানভীর আহম্মেদ (১৭) শাজাহানপুর উপজেলার বামুনিয়া বারআঞ্জুল গ্রামের শামীম হোসেনের ছেলে। দুর্ঘটনায় আহতরা হলেন- একই উপজেলার বামুনিয়া খিয়ারপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য মাসুদ রানার ছেলে সানোয়ার
হোসেন (১৭) ও শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের বেড়েরবাড়ি গ্রামের আবু মুসার (শিপু) ছেলে হযরত আলী (১৫)।
এদিকে আজ শনিবার দুপুর পর্যন্ত আহত সানোয়ারের জ্ঞান ফেরেনি। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন পরিবারের লোকজন।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, তানভীর ও সানোয়ার দুই বন্ধু। তারা দু’জনই শাজাহানপুর আড়িয়া বাজার উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে। শুক্রবার স্থানীয় জামুন্না মেলায় যায়।
এরপর মোটরসাইকেল নিয়ে ধুনটে যমুনা নদীর বাঁধে বেড়াতে গিয়েছিলেন তারা। রাতে বাড়ি ফেরার পথে শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কের শুভগাছা এলাকায় ওই মোটরসাইকেলের সঙ্গে একটি সাইকেলের সংঘর্ষ হয়।
এতে মোটরসাইকেলে থাকা দুজন ও সাইকেল আরোহী কিশোর হযরত সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে বগুড়ার শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে এগারোটার দিকে তানভীর আহম্মেদ মারা যান।
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
এরমধ্যে একজন মারা গেছেন। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি থানা হেফাজতে রয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল